কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে আহত ৩ শিশু

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৭, ২১:৫৩
 
ব্রাহ্মণবাড়িয়ায় কুড়িয়ে পাওয়া ককটেল নিয়ে খেলার সময় বিস্ফোরণে তিন শিশু আহত হয়েছে। বুধবার সন্ধ্যায় সদর উপজেলার দুবলা গ্রামে এ ঘটনা ঘটে। 
 
আহতরা দুবলা গ্রামের বজলু মিয়ার ছেলে সাইফুল (১২), মেয়ে মুক্তা (১০) ও মাহমুদা (৮)। তাদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল সাড়ে ৪টায় খেলতে গিয়ে ওই তিন শিশু রাস্তা থেকে একটি ককটেল কুড়িয়ে পায়। তারা ককটেলটিকে বল ভেবে খেলতে শুরু করে। খেলার এক পর্যায়ে সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। স্থানীয় লোকজন তাদেরকে আহত অবস্থায় সদর হাসপাতালে নিয়ে যান। 
 
ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার ওসি মো. নবীর হোসেন বলেন, পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ককটেলটি নিয়ে খেলা করলে এটি বিস্ফোরিত হয়। এতে তিন শিশু আঘাতপ্রাপ্ত হয়। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 
ইত্তেফাক/এমএ