এনায়েতপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভাই-বোনের মৃত্যু

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৭, ১৩:১৭
 
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ভেকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় ভাই-বোনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে এঘটনা ঘটে।
 
নিহতরা হলো- সোহাগ হোসেন (৯) এবং আহ্লাদী খাতুন (৭)। তারা ওই গ্রামের জামাল উদ্দিনের সন্তান। এদিকে তাদের বাঁচাতে গিয়ে চাচা বহুদ আলী আহত হয়েছে।
 
জালালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী সুলতান মাহমুদ ও প্রত্যক্ষদর্শী মতিন শেখ জানান, বাড়ির সবাই ঘুমিয়ে থাকাবস্থায় জামাল উদ্দিনের ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই ঘরে থাকা পাট খড়িতে আগুন লেগে আরো ছড়িয়ে পড়ে। তখন তাদের চিৎকারে এলাকার সবাই ঘণ্টা খানেক চেষ্টায় আগুন নিভিয়ে আহত ভাই-বোনসহ তাদের চাচাকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসারত অবস্থায় আহ্লাদী মারা যায় এবং অবস্থা বেগতিক দেখে ভাই সোহাগকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সে শুক্রবার ভোরে মারা যায়।
 
ইত্তেফাক/জামান