বানারীপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৭, ১৮:২৬
 
বানারীপাড়ায় বাস ও মাহেন্দ্র-আলফার সংঘর্ষে দুই নারী যাত্রী ও চালক নিহত এবং এক শিশু গুরুতর আহত হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার রায়েরহাট এলাকায় মাহেন্দ্র-আলফার চালক একটি কুকুরকে বাঁচাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
 
এতে ঘটনাস্থলেই মাহেন্দ্র-আলফা যাত্রী উপজেলার বাইশারী গ্রামের হাবিবুর রহমানের মেয়ে ও ঝালকাঠির গাভা রামচন্দ্রপুর গ্রামের জহিরুল ইসলাম মানিকের স্ত্রী ফাতেমা (৩৫) ও পৌর শহরের ৮নং ওয়ার্ডের কবির হোসেনের স্ত্রী নূপুর (৩০) নিহত হন।
 
আশংকাজনক অবস্থায় মাহেন্দ্র-আলফার চালক বরিশাল বিমানবন্দর থানার মাধবপাশা ইউনিয়নের বাদলা গ্রামের রুহুল আমিন গাইন (৩০) এবং ফাতেমার শিশুপুত্র আবু বকর হামিমকে (৫) বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।
 
সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে চালক রুহুল আমিন গাইন মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক হাসপাতালে যান। এসময় তিনি নিহত দুই নারী যাত্রীর পরিবারকে ১০ হাজার টাকা করে প্রদান করেন।
 
ওসি মো. সাজ্জাদ হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আহত ৪যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক দুই নারী যাত্রীকে মৃত ঘোষণা করেন এবং আশংকাজনক অবস্থায় অপর দুইজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠান। ঘাতক বাসটিকে আটক করতে পারলেও চালক পালিয়েছে। এ ব্যপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/আরকেজি