'দুর্নাম দুর্গন্ধে রূপ নিয়েছে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাট'

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৭, ১৫:৩০
 
নৌমন্ত্রী শাহজাহান খান বলেছেন, দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দুটি ঘাটে অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি, ঘাট ও ফেরি সংকট, যানজট, নাব্যতা সংকট, ঘন কুয়াশা, নদী ভাঙন সহ বিভিন্ন কারণে বছর জুড়ে যাত্রী দুর্ভোগ ও পণ্যদ্রব্য পারাপারে সীমাহীন ভোগান্তি লেগেই আছে। আজ তা দুর্নাম দুর্গন্ধে রূপ নিয়েছে। আমি সব জানি, কিন্তু প্রকাশ্য সভায় বলতে চাই না। এ অবস্থার পরিবর্তন করতে নৌমন্ত্রী শাহজাহান খান এক মাসের সময় নিয়েছেন।
 
দৌলতদিয়া-পাটুরিয়া রুট দিয়ে ভোগান্তিহীন যানবাহন ও যাত্রী পারাপারের লক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গোয়ালন্দ উপজেলাধীন দৌলতদিয়া রেস্ট হাউজ চত্বরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি একথা বলেছেন। এ সভায় পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা প্রকাশ্যে ঘাটের বিভিন্ন অনিয়ম, ঘণ্টার পর ঘণ্টা ঘাটে আটকে থাকা, চাঁদাবাজি  ও দুর্নীতিসহ বিভিন্ন বিষয়ে মন্ত্রীর কাছে অভিযোগ তুলে ধরেন।
 
মন্ত্রী ঘাটের শৃঙ্খলা ফিরিয়ে আনতে রাজবাড়ীর জেলা প্রশাসক মো. শওকত আলীকে আহ্বায়ক করে ১২ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করে দেন। কমিটিতে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, বাস-ট্রাক অনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ও মালিক নেতৃবৃন্দ, বিআইডব্লিউটিসি'র কর্মচারী ইউনিয়নের প্রতিনিধিকে সদস্য রাখা হয়েছে। কমিটিকে আগামী এক মাসের মধ্যে সমস্ত অনিয়ম ও সমস্যা চিহ্নিত করে মন্ত্রণালয়ে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়। প্রতিবেদনের আলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন মন্ত্রী।
 
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান ড. জ্ঞানরঞ্জন শীল, যুগ্ম-সচিব সহিদুল ইসলাম, বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান কমডোর মো. মোজাম্মেল হক, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, পুলিশ সুপার সালমা বেগম (পিপিএম), জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি কাজী ইরাদত আলী, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম সহ প্রমুখ।
 
ইত্তেফাক/জামান