মুক্তা দেশে ফিরেছে...

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৭, ১৫:৫৫
 
পাচারের হাত থেকে উদ্ধার হওয়া বাংলাদেশি কিশোরী তাহমিনা আক্তার মুক্তা (১৭) অবশেষে দেশে ফিরে এসেছে। আজ শুক্রবার সকাল ১১টায় দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে বাংলাদেশের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।
 
মুক্তা ভারতের 'মালদা চাইল্ড হোম ফর গার্লসে' ১ বছর ১ মাস ধরে নিরাপত্তা হেফাজতে আটক ছিল। মুক্তা সিরাজগঞ্জ সদরের ধানবান্ধি বিএল স্কুল রোডের আবু তালেবের মেয়ে।
 
দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ওসি মো. আফতাব হোসেন বলেন, দুই দেশের সহযোগিতায় মুক্তাকে ফেরত আনা হয়েছে। আজ শুক্রবার ভারতের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের অফিসার ইনচার্জ বিকাশ মণ্ডল মুক্তাকে আমাদের কাছে হস্তান্তর করেন। এসময় সেখানে বিজিবি, বিএসএফ এবং হোমের কর্মকর্তাদের উপস্থিত ছিলেন। পরে তাকে পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে।
 
এদিকে মুক্তার মা মোছা. মনোয়ারা বেগম বলেন, মুক্তাকে গত বছরের ২ নভেম্বর সকালের দিকে একই এলাকার শিয়ালখোর গ্রামের অমৃত সূত্রধর বাড়ির সামনে থেকে অপহরণ করে ভারতে পাচার করে সন্ত্রাসীরা। পরে হিলিস্থ সেভ দ্য লাইফ সংগঠনের মাধ্যমে মোবাইল ফোনে জানতে পারি আমার মেয়েকে ভারতের পুলিশ উদ্ধার করে বালুরঘাট চাইল্ড লাইনের মাধ্যমে মালদা চাইল্ড হোম ফর গার্লসে রাখা হয়েছে। এরপর থেকে আমরা মানুষিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ি। একপর্যায়ে সরকারের বিভিন্ন সংস্থার সহযোগিতায় মেয়েকে ফিরে পাই।
 
ইত্তেফাক/জামান