রাঙ্গামাটি ও বিলাইছড়িতে আওয়ামী লীগ নেতাদের উপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে ১৪জনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে বিলাইছড়ি উপজেলা চেয়ারম্যান রয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার ভোররাত পর্যন্ত পুলিশি অভিযানে বিলাইছড়ি থেকে ৫ ও রাঙ্গামাটি শহর থেকে ৯জনকে করা হয়।
রাঙ্গামাটি থেকে বিলাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান শুভ মঙ্গল চাকমা, রিটন চাকমা (২৯), বাবু চাকমা (২৭), মঙ্গলমনি চাকমা (২৬), সাধন চাকমা (২৮), রিকন চাকমা (২৮), কালঞ্জিত চাকমা (২২), রুপম চাকমা (২৪), সময় বিজয় চাকমাকে (২৯) আটক করা হয়।
অপরদিকে বিলাইছড়ি থেকে আটককৃতরা হলেন- সুনীল কান্তি চাকমা (৩৫) বুদ্ধি বিজয় চাকমা (৩২), সুমন চাকমা (২৫), চন্দ্র চাকমা (৩২) ও বিভময় চাকমা (২৬)।
রাঙ্গামাটি পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতদের রাঙ্গামাটির বিচারিক আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।
উল্লেখ, মঙ্গলবার জুরাছড়ি উপজেলা যুবলীগ নেতা অরবিন্দ চাকমা দুর্বৃত্তের গুলিতে নিহত হন। এছাড়া একই দিন বিলাইছড়িতে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাসেল মারমা ও বৃহস্পতিবার রাঙ্গামাটি শহরের নিজ বাসায় মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ঝর্ণা চাকমা সন্ত্রাসী হামলা শিকার হয়ে গুরুতর আহত হন।তারা দুজনেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এসব ঘটনায় পুলিশ বাদী হয়ে পৃথক তিনটি মামলা দায়ের করেছে।
ইত্তেফাক/আরকেজি
