সাভারে জামায়েতের ৬ নেতাকর্মী আটক

আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৭, ২১:৫৮
 
সাভার উপজেলার আশুলিয়ায় গোপন বৈঠক করার সময় জামায়েতের ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে পলাশবাড়ির বটতলা এলাকার হাজী মতিনের বাসায় গোপন বৈঠকের সময় তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে সদস্য হওয়ার ফরমসহ বিভিন্ন লিফলেট উদ্ধার করে পুলিশ।  
 
আটককৃতরা হলো- আশুলিয়ার কাশিপুর এলাকার নিয়াজ উদ্দিনের ছেলে এখলাস উদ্দিন ও পলাশবাড়ী এলাকার বাড়ির মালিক কুমিল্লার লাকসাম থানার বাউফোর গ্রামের আলতাফ হোসেন মাস্টারের ছেলে আবদুল মতিন, নোয়াখালীর চাটখিল থানার ধর্মপুর গ্রামের মনসুর আহমেদের ছেলে সামসুল ইসলাম, নওগাঁর পল্লীতলা থানার লালপুর গ্রামের আবদুল হালিমের ছেলে তসলিম আহমেদ, দিনাজপুরের পার্বতীপুর থানার শিববাড়ি গ্রামের মৃত কেরামত আলীর ছেলের আবুল হাসেম এবং নাটোর জেলার সিংড়ার থানার বনভরাইল গ্রামের সামুল ইসলামের ছেলে ওমর ফারুক।  
 
পুলিশ জানায়, পলাশবাড়ি এলাকায় আবদুল মতিনের বাড়িতে জামায়াতের সদস্য সংগ্রহ ও নাশকতার পরিকল্পনার গোপন বৈঠকের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬জনকে আটক করা হয়। তারা প্রায়ই ঐ বাড়িতে গোপন বৈঠক করে আসছিল। তাদের হাতেনাতে ধরার জন্য পরিকল্পনা করে আসছিল পুলিশ। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। আটককৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি