গোপালগঞ্জে বাসচাপায় এক পথচারী নিহত ও অন্তত ১০ বাসযাত্রী আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার গোপীনাথপুরে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত পথচারীর নাম- লুৎফর রহমান শেখ (৫০)। তিনি ফরিদপুর জেলার বোয়ারমারী উপজেলার অমৃত নগর গ্রামের ইসলাম শেখের ছেলে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজা জানান, খুলনা থেকে ঢাকাগামী ফাল্গুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস গোপীনাথপুরে পৌঁছে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে টুঙ্গিপাড়াগামী টুঙ্গিপাড়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফাল্গুনী পরিবহন বাসটি রাস্তার পাশে খাদের পানিতে পড়ে যায় এবং টুঙ্গিপাড়া পরিবহনের বাসটি গোপীনাথপুর স্কুলের বাউন্ডারির মধ্যে ঢুকে যায়। এ সময় বাসচাপায় পথচারী লুৎফর রহমান শেখসহ অন্তত ১১ বাসযাত্রী আহত হন।
খবর পেয়ে পুলিশ ও গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে নেওয়ার পর গুরুতর আহত লুৎফর রহমান শেখকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকিদের মধ্যে ২ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
ইত্তেফাক/জামান
