র্যালি, আলোচনাসভা ও পুরস্কার বিতরণসহ নানা আয়োজনের মধ্য দিয়ে আজ শনিবার টাঙ্গাইলের মির্জাপুরে নারী শিক্ষা ও নারী জাগরণের অন্যতম অগ্রপথিক বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা সদরের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বাইমহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয় নানা অনুষ্ঠানের আয়োজন করে।
সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনেয়ারা বেগম ও ম্যানেজিং কমিটির সভাপতি মো. লুৎফর রহমানের নেতৃত্বে একটি র্যালি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও উপজেলা পরিষদ চত্বর ঘুরে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র্যালি শেষে বেগম রোকেয়ার কর্মময় জীবনের উপর আলোচনা সভা ও বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান মীর শরীফ মাহমুদ, পৌরসভার মেয়র মো. সাহাদত হোসেন সুমন, সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মো. খলিলুর রহমান, কুষি অফিসার মুহাম্মদ আরিফুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আকতারুজ্জামান, প্রথামিক শিক্ষক সমিতির সভাপতি মো. সহিনুর রহমান খান প্রমুখ।
ইত্তেফাক/জামান
