সকল প্রস্তুতি শেষে দীর্ঘ দিনের আন্দোলন সংগ্রামের ফসল হিসেবে এবং প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিতে অবশেষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র উদ্বোধন হয়েছে।
শুক্রবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শহরের মৌলভীবাজার সড়কস্থ খাঁন টাওয়ারে অবস্থিত নিলাম কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এমপি।
উদ্বোধন শেষে জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, তিনি ১৯৮২ সালে শ্রীমঙ্গলে চা নিলাম কেন্দ্র চালুর প্রস্তাব করেছিলেন। আর তা বাস্তবায়ন হতে ৩৫ বছর সময় লেগেছে।
তিনি আরো বলেন, ২০১২ সালে মৌলভীবাজারের এক জনসভায় প্রধানমন্ত্রী বলেছিলেন চায়ের রাজধানী শ্রীমঙ্গলেই হবে দ্বিতীয় চা নিলাম কেন্দ্র। আজ দেশের জন্য একটি ঐতিহাসিক দিন। চায়ের ভবিষ্যত্ ভালো, এই আশা ব্যক্ত করে আগামী জানুয়ারি মাস থেকে নিলাম কার্যক্রম চালুর আশ্বাসও দেন তিনি।
ট্রি প্লন্টার্স এন্ড ট্রেডার্স এসোসিয়েশন অব বাংলাদেশ এর আহবায়ক ও জাতিসংঘের সাবেক এম্বাসেডর ড. এ কে আব্দুল মোমেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে ইপস্থিত ছিলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল সফিনুল ইসলাম, মৌলভীবাজার ৩ আসনের সাংসদ সৈয়দা সায়রা মহসীন, মৌলভীবাজার ২ আসনের সাংসদ আব্দুল মতিন জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, পুলিশ সুপার শাহ জালাল, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ, সাধারণ সমপাদক মিছবাউর রহমান প্রমুখ।
মৌলভীবাজার টি পান্টার্স অ্যান্ড ট্রেডার্স এসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সমপাদক জহর তরপদার জানান, ইতোমধ্যে শ্রীমঙ্গলে ইসপাহানী লিমিটেড কর্তৃক ২ লক্ষ ৫২ হাজার স্কয়ার ফিট, পাতাকুঁড়ি সোসাইটি কর্তৃক ১ লক্ষ ২০ হাজার স্কয়ার ফিট এবং সাবেক ব্যবসায়ী সমিতির সাধারণ সমপাদক মো. কদর আলী কর্তৃক ৭৫ হাজার স্কয়ার ফিট জায়গায় পৃথক ৩টি ওয়ার হাউজের কাজ সমপূর্ণরূপে ও দৃশ্যনীয়ভাবে সমপন্ন হয়েছে।
ইত্তেফাক/এএম।
