বিমানে ইতালি উড়ে যাওয়ার আগে আনুষ্কা নাকি ম্যারেজ রেজিস্ট্রেশন অফিস থেকে ফর্ম তুলেছেন। বিয়ের জন্য তিনি ১২, ১৮ ও ২১ ডিসেম্বর এবং আগামী বছরের ৫ জানু্য়ারির তারিখ পেয়েছেন। এর মধ্যে বিরাট কোহলি নাকি ইতালি গেছেন। যদিও সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়েছে ১২ ডিসেম্বরই চার হাত এক হচ্ছে।
বিরাট–আনুষ্কার বিয়ের খবর ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যদিও এ নিয়ে মুখ খুলতে নারাজ বিরুষ্কা। আসল খবর কি, তা কোনও সূত্রই সঠিকভাবে বলতে পারছে না। কিন্তু বিরুষ্কাকে নিয়ে একটু তদন্ত করলেই ব্যাপারটা মিলে যাবে। বৃহস্পতিবার বিরাটের ইতালি উড়ে যাওয়ার পরই আনুষ্কার পেছন পেছন ইতালি যাওয়ার পেছনে কী, তাও স্পষ্ট নয়। যদিও আগেও এই যুগলকে একান্তে বিদেশে সময় কাটাতে দেখা গেছে। তবে জল্পনা একটু বেড়ে গেছে আনুষ্কার পরিবারও ইতালি যাওয়ায়। হয়তো দুই পরিবারের ঘনিষ্ঠদের উপস্থিতিতেই বিয়েটা সেরে ফেলতে চাইছেন আনুষ্কা ও বিরাট। মুম্বই বিমানবন্দরে অবশ্য আনুষ্কার গতিবিধি ধরা পড়েছে সংবাদমাধ্যমের ক্যামেরায়। সাংবাদিকেরা বারবার প্রশ্ন করলেও আনুষ্কা কোনো উত্তর দেননি। সোজা এয়ারপোর্টের ভেতরে চলে যান। তার মা–বাবাকেও দেখা যায় ট্রলি ঠেলে ভেতরে ঢুকে যেতে। কিন্তু বিরাট আগাগোড়া নিজেকে একটি কালো জ্যাকেটে মুড়ে রেখেছিলেন। যাতে তাকে কেউ চিনতে না পারেন।
সূত্রের খবর, বিরাট তার ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের টিকিট ইতিমধ্যেই বুক করিয়ে দিয়েছেন। এমনকী, তার ছোটবেলার কোচ রাজকুমার শর্মাও বিয়েতে যাবেন বলে দিল্লির কোয়ার্টার ফাইনাল ম্যাচে হাজির থাকতে পারছেন না। তবে, রাজকুমার নাকি জানিয়েছেন, তার ভাইপোর বিয়ে! আরেক সংবাদপত্রের খবর অনুযায়ী, মুম্বাইয়ের ভার্সোভার যে অ্যাপার্টমেন্টে থাকেন আনুষ্কা, সেখানকার কিছু প্রতিবেশীকেও নিমন্ত্রণ করেছেন এই অভিনেত্রী। সব মিলিয়ে ব্যাপার বেশ রহস্যময়।
ইত্তেফাক/ইউবি
