নাসিরনগরে হামলা: মামলার অভিযোগপত্র প্রস্তুত

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৭, ২২:৩৩
 
নাসিরনগরে মন্দির ও বাড়িঘরে হামলা ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় হওয়া আট মামলার একটিতে প্রতিবেদন তৈরি করেছে পুলিশ। রবিবার ২২৮জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করার কথা রয়েছে। 
 
নাসিরনগর থানা পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৩০ অক্টোবর নাসিরনগর উপজেলা  সদরের গৌর মন্দিরে হামলা ভাংচুর লুটপাট ও অগ্নি সংযোগের ঘটনায় মন্দিরের সাধারণ সম্পাদক নির্মল চৌধুরী বাদী হয়ে দুই থেকে আড়াই হাজার অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন। 
 
পুলিশের একাধিক নির্ভরযোগ্য সূত্র জানা গেছে, মামলার অভিযোগপত্রে দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, একাধিক আওয়ামী লীগ ও বিএনপি নেতাকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল হাসেম, হরিপুর ইউনিয়ন পরিষদের বরখাস্তকৃত চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা দেওয়ান আতিকুর রহমান আঁখি, হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (বহিষ্করের সুপারিশকৃত) ফারুক মিয়া, চাপরতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (বহিষ্কারের সুপারিশকৃত) সুরুজ আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, হরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জামাল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল হোসেন চকদার। এখানে সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হাসেম ও আব্দুল হান্নান ছাড়া বাকি সবাইকে গ্রেফতার করেছে পুলিশ। সবাই এখন জামিনে মুক্ত রয়েছেন।       
 
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু জাফর জানান, মামলার অভিযোগপত্র (চার্জশিট) তৈরি হয়েছে। তিনি জানান, গত বছরের ৩০ অক্টোবর গৌর মন্দিরে হামলার ঘটনায় এ চার্জশিট তৈরি করা হয়েছে। এ মামলার বাদী নির্মল চৌধুরী। 
 
ইত্তেফাক/আরকেজি