লাউয়াছড়া জাতীয় উদ্যান পরিদর্শনে গিয়ে একটি শিমুল গাছের চারা রোপণ করলেন পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি। এসময় তিনি উদ্যানের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন।
গত শুক্রবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘রাবার কাঠ ট্রিটমেন্ট প্লান্ট’ এর উদ্বোধন অনুষ্ঠান শেষে বিকেলে মন্ত্রী লাউয়াছড়া পরিদর্শনে যান। সেখানে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের উদ্যোগে লাউয়াছড়ার জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় একটি শিমুল গাছের চারা রোপণ করেন তিনি। এসময় লাউয়াছড়ার প্রকৃতি ও পরিবেশের প্রশংসা করেন মন্ত্রী। পরে লাউয়াছড়ার পরিদর্শন খাতায় তিনি লিখেন, ‘শহরবাসী যারা মনে করেন লাউয়াছড়া জাতীয় উদ্যানে গাছপালা নেই, তারা এই জাতীয় উদ্যানে আমন্ত্রিত।’
এসময় মন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিনী দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব ইসতিয়াক আহমেদ, ইত্তেফাকের আইন ও সংসদ বিষয়ক সম্পাদক সালেহ উদ্দিন, বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব, ইত্তেফাকের সিলেট ব্যুরো চিফ হুমায়ূন রশীদ চৌধুরী প্রমুখ।
ইত্তেফাক/নূহু
