সখীপুরে খেজুর রস সংগ্রহে ব্যস্ত গাছিরা

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৭, ০৯:৫০
 
টাঙ্গাইলের সখীপুরে শীতের শুরুতেই উপজেলার বিভিন্ন গ্রামে খেজুর গাছ থেকে রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। ভোরের ঘুম ভাঙা সকাল এখন কুয়াশায় মাখামাখি। খেজুরের গাছগুলোতে হাঁড়ি ঝুলিয়ে তা থেকে রস সংগ্রহ শুরু করেছেন গাছিরা। তারা বলছেন, শীত তড়িঘড়ি চলে আসায় রসও হাঁড়িতে পড়ছে। রসে ভরে যাচ্ছে হাঁড়ি।
 
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার কচুয়া, বড়চুনা, কুতুবপুর, যাদবপুর, বেড়বাড়ী, রতনপুর, পাহাড়কাঞ্চনপুর, দেওবাড়ি, দাড়িয়াপুর, বেতুয়া, তক্তারচালা, বহুরিয়া, কালিদাস, কাকড়াজান, কালমেঘা, ইছাদিঘী, বেতুয়া, পাথারপুর, তক্তারচালা শোলাপ্রতিমাসহ বিভিন্ন ইউনিয়নের কয়েক হাজার খেজুর গাছ রয়েছে। সরেজমিন বেশ কয়েকটি এলাকায় গিয়ে দেখা গেল, গাছ ঝাড়ার ধুম পড়েছে। অনেকগুলো গাছে রসের হাঁড়ি ঝুলছে।
 
উপজেলার পাথারপুর গ্রামের রস বিক্রেতা আমির আলী ও আরফান মিয়া জানান, ইতোমধ্যেই আমাদের মতো সকল গাছিরাই একেকজন অন্তত ৫০ থেকে ১’শ খেজুর গাছ কেটে রস সংগ্রহ শুরু করেছেন। তারা আরো জানান, একটা খেজুর গাছ তিনবার কাটার পরে তাতে নলি লাগিয়ে রসের জন্য ভাঁড় পাতা হয়। একটা খেজুর গাছ থেকে দিনে দু’বারও রস মেলে। ভোরের রসকে মিষ্টি এবং বিকেলের রসকে তারি বলে। মাঘ মাস থেকে রস পড়া কমতে শুরু করে। ওই সময়ে রসের ঘনত্বও অনেক বেড়ে যায়। রস জাল দিয়ে যে গুড় আমরা বানিয়ে থাকি তা বাজারের সর্বোচ্চ বাজার মূল্যে বিক্রি করা হয়।
 
স্থানীয়রা জানান, অতীতে উপজেলার সর্বত্র বহু খেজুর গাছ ছিল। ইটভাটায় জ্বালানি হিসাবে অনেক গাছ বিক্রি করা হয়েছে । রস মৌসুমে প্রতিটি খেজুর গাছ ভাড়া হয় ২/৩ শ’ টাকায়। মৌসুমের শেষে অনেকেই গাছ বিক্রি করে দেন । এদিকে উপজেলায় ইটভাটায় জ্বালানির দাপটে খেজুর গাছ কেটে অনেকটাই সাবাড় হয়ে গেলেও যা আছে, তা ৮ ইউনিয়ন ও পৌরশহরের মানুষকে খুশি করার পক্ষে কম নয়।
 
একাধিক খেজুর গাছের মালিক জানান, শীত এসে পড়ায় রস সংগ্রহকারীদের চাহিদা বেড়েছে । রসেরও দাম ভাল। চলতি মৌসুমে এক একটি খেজুর গাছ থেকে ১৫-২০ কেজি রস পাওয়া যাচ্ছে। সপ্তাহে একদিন গাছ কাটা হলে তিন দিন রস পাওয়া যায়।
 
রসপায়ীরা জানান, শীতের সকালে ঠাণ্ডায় কাঁপতে কাঁপতে খেজুর রস খাওয়ার মজাই আলাদা।
 
এ ব্যাপারে উপজেলা কৃষিকর্মকর্তা ফায়জুল ইসলাম ভূঁইয়া বলেন, শীতের মৌসুমে খেজুরের রস বাঙালিদের ঐতিহ্য। এ উপজেলায় প্রতি বছর এ সময় গাছিরা খেজুরের রস সংগ্রহ করে কাঁচা রস আবার অনেকে গুড় বানিয়ে বিক্রি করে থাকেন।
 
ইত্তেফাক/এএম।