হাটহাজারীতে ৭শ' লিটার চোলাই মদসহ ট্রাক জব্দ

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৭, ১২:৫৯
 
চট্টগ্রামের হাটহাজারীতে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি ৭শ' লিটার চোলাই মদ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা। রবিবার দুপুর ১২টায় উপজেলার মেখল ইউনিয়ন পরিষদে এ মদ পুলিশকে হস্তান্তর করা হয়।
 
রবিবার সকাল সাড়ে ৭টায় মেখল ইউনিয়নের খোঁয়াজ চৌধুরী বাড়ি ব্রিজ এলাকার রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় ইউপি সদস্যদের নিয়ে ওই মদ উদ্ধার করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন চৌধুরী। অপরদিকে পরিত্যক্ত অবস্থায় মেখলের হারিপুকুর পাড় এলাকা থেকে মদ বহণকারী ট্রাকটি জব্দ করে থানা পুলিশ।
 
জানা যায়, পুলিশ ভোরে হাটহাজারী-রাঙ্গামাটি মহাসড়কের ইছাপুর বাজারে বিশেষ অভিযান পরিচালনার লক্ষে চেক পোস্ট বসায়। পুলিশের উপস্থিতি লক্ষ করে মাদক বহণকারী নগরমুখী ট্রাকটি সামনে থাকা দুটি পিকআপ ও একটি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে সুবেদার পুকুর পাড় হয়ে মেখলে প্রবেশ করে। এসময় ট্রাকে থাকা মদভর্তি বস্তাগুলো মাদক বহণকারীরা ফেলে পালিয়ে যায়। থানা পুলিশের এএসআই ইব্রাহীম ও নুরুজ্জামান পরিত্যক্ত ও খালি ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
 
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।
 
ইত্তেফাক/জামান