ছেলের অত্যাচার থেকে রক্ষা পেতে বাবার অভিযোগ

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৭, ১৪:৫২
 
বরিশালের মুলাদীতে ছেলের অত্যাচার থেকে রক্ষা পেতে থানায় অভিযোগ দায়ের করলেন এক অসহায় বাবা। রবিবার দুপুর ১টায় পৌরসদরের তেরচর গ্রামের মৃত কাসেম বেপারীর ছেলে সামছুল হক বেপারী (৭০) তার ছেলে সোহরাব বেপারীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে আইনী ব্যবস্থা গ্রহণের জন্য মুলাদী থানায় অভিযোগ করেছেন।
 
অভিযোগ সূত্রে জানা যায়, সামছুল হক বেপারী নারায়ণগঞ্জের আদমজী পাট কলকারখানায় চাকরি করতেন। ওই কারখানা বন্ধ হওয়ার পর তিনি পরিবারের সাথে বসবাস করে আসছিলেন। কিছুদিন পূর্বে সামছুল হক বেপারীর ছেলে সোহরাব সমূদয় জায়গা-জমি লিখে দেওয়ার জন্য তাকে চাপ প্রয়োগ করে। কিন্তু সামছুল হক জায়গা-জমি লিখে দিতে অস্বীকার করলে সোহরাব বাবাকে ঘর থেকে বের করে দেওয়াসহ বিভিন্ন হুমকি দেয়।
 
গত ৫ ডিসেম্বর সোহরাব তার বাবাকে মারধর করে দা-বটি নিয়ে হত্যার উদ্যত হলে তিনি পালিয়ে রক্ষা পান বলে অভিযোগ করেন সামছুল হক বেপারী। এব্যাপারে মুলাদী থানার ডিউটি অফিসার এসআই আলী আকবর ঘটনার সত্যতা স্বীকার করে জানান- সামছুল হক বেপারীর অভিযোগের প্রেক্ষিতে সোহরাবকে থানায় হাজির করা হয়েছে।
 
ইত্তেফাক/জামান