ফুলবাড়ীয়া উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় আবাদ করা আমন ধান কাটার ভরা মৌসুমে হঠাত্ বৃষ্টি শুকনা ধান ভিজিয়ে দিয়েছে। ক্ষেতে কেটে রাখা ধান পনিতে তলিয়ে গিয়ে তাতে চারা গজানোর উপক্রম হয়েছে। কৃষি বিভাগ বৃষ্টিতে কেটে রাখা ধানের ক্ষতির আশঙ্কার কথা বলেছেন।
উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১৯ হাজার ৭শ ৬০ হেক্টর জমিতে আমন ধান আবাদ হয়েছে। কৃষি বিভাগ জানায়, ২% ধান এখনো জমিতে রয়েছে। এ ধানের মধ্যে শুকানোর জন্য যারা ক্ষেতে রেখে দিয়েছে মূলত এ ধানেরই ক্ষতির আশঙ্কা রয়েছে।
উপজেলার বাকতা গ্রামের কৈয়ারচালা গ্রামের কৃষক আ. ছালাম জানান, আমন ধান কেটে তিনি ক্ষেতে রেখেছেন শুকানোর জন্য। হঠাত্ বৃষ্টিতে ক্ষেতে পানি জমে গেছে। তলিয়ে গেছে ধান। ২/১ দিনের মধ্যে বৃষ্টি বন্ধ না হলে শুকনা ধানে চারা গজানোর সম্ভাবনা রয়েছে।
উপজেলা কৃষি অফিসার ড. নাসরিন আকতার বানু জানান, কেটে রাখা ২% ধানের মধ্যে ক্ষতির আশঙ্কা রয়েছে। আর বৃষ্টি বন্ধ হয়ে গেলে নতুন করে ক্ষতির শঙ্কা নেই।
ইত্তেফাক/এএম।
