পটিয়ায় মাদক ব্যবসা নিয়ে গোলাগুলি, মাদক ব্যবসায়ী নিহত

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৭, ১৫:২০
 
চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণ খরনা গ্রামে মাদক ব্যবসায়ীদের দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে আবদুল আলীম (৪০) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার ভোরে এ ঘটনা ঘটে। 
 
আবদুল আলীম খরনা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের খলিল সওদাগর বাড়ির মৃত কবির আহমদের পুত্র।  আবদুল আলীম ও তার সহোদর আবদুল মালেকের বিরুদ্ধে ডাকাতি, মাদক ব্যবসা ও পুলিশের উপর হামলার ঘটনায় চারটি মামলা রয়েছে। 
 
পটিয়া থানার ওসি শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ জানান, কবির আহমদের দুই পুত্র আবদুল আলীম ও আবদুল মালেক দীর্ঘদিন ধরে চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি পাহাড়ি এলাকায় মাদক ব্যবসা করে আসছিল।  সোমবার ভোরে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এ সময় আবদুল আলিম গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরে সকালে চট্টগ্রাম-দোহাজারি রেললাইনের পাশের একটি মেঠোপথের পাশে তার লাশ পাওয়া যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/ইউবি