রাজশাহীর গোদাগাড়ীতে ১৫০ ভরি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার সময় গোদাগাড়ীর সুলতানগঞ্জে সোমবার সকাল ১০টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত ওই পাচারকারীর নাম লিটন আলী শেখ (৩০)। তার বাড়ি সিরাজগঞ্জর জানপুর গ্রামে। তার কাছ থেকে ১৫টি সোনার বার উদ্ধার করা হয়। প্রতিটি বারের ওজন হলো ১০ ভরি করে। যার আনুমানিক মূল্য ৭৫ লাখ টাকা।
রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক (ডিডি) মোহম্মদ লুৎফর রহমান জানান, সকালে সুলতানগঞ্জ এলাকায় বাসে তল্লাশি চালাচ্ছিল তাদের একটি ইউনিট। এ সময় লিটনের কাছ থেকে মোট ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। প্রতিটি স্বর্ণের বারের ওজন ১০ ভরি। ১৫টি বারে স্বর্ণের ওজন দাঁড়ায় ১৫০ ভরি। স্বর্ণের বারগুলো ঢাকা থেকে রাজশাহী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা ছিল বলে লিটন শেখকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিশ্চিত হওয়া গেছে।
ইত্তেফাক/ইউবি
