মন্ত্রী যাচ্ছেন তাই তোড়জোড়

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৭, ২০:২৬
 
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার সাতক্ষীরায় আসছেন। তাই চলছে রাস্তা সংস্কারের তোড়জোড়।
 
কোথাও সড়কে জমে থাকা পানি সেচ দিচ্ছেন সড়ক ও জনপথ বিভাগের কর্মচারীরা। কোথাও কোথাও চলছে জোড়াতালি। লোকজন দেখে হাসছেন। আর বলছেন, এতোদিন পরে সড়ক ও জনপথ বিভাগের ঘুম ভাঙলো। একই রকম অবস্থা সাতক্ষীরা জেলা জুড়ে।
 
সাতক্ষীরা-আশাশুনি সড়কের সাতক্ষীরা পৌরদিঘীর পাড়ে সোমবার বিকালে সড়ক ও জনপথ বিভাগের কর্মচারীরা পৌরসভার একটি ট্রাক ব্যবহার করে সড়ক মেরামতে ব্যস্ত। তাদেরই একজন বলেন, এখন কথা বলার সময় নেই। একটু পরেই সন্ধ্যা ঘনিয়ে আসবে। এখনও অনেক কাজ।
IMG0
জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক হারুন-উর-রশীদ জানান, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সেতু ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার সকালের ফ্লাইটে সাতক্ষীরায় আসছেন। তিনি দলীয় সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন করবেন। বেলা ১১টায় তিনি শহীদ আব্দুর রাজ্জাক পার্কের জনসভায় বক্তব্য রাখবেন। দুপুর আড়াইটার দিকে খাবার শেষে সার্কিট হাউজে দলীয় নেতাদের সাথে মতবিনিময়ে অংশ নেবেন।
IMG1
উল্লেখ, সাতক্ষীরা-যশোর, সাতক্ষীরা-খুলনা সড়কের বিজিবি ক্যাম্প, আঠারো মাইল এলাকা, সাতক্ষীরা-কালিগঞ্জ-শ্যামনগর-মুন্সীগঞ্জ, সাতক্ষীরা-আশাশুনিসহ সাতক্ষীরা, সাতক্ষীরা-যশোর, সাতক্ষীরা-খুলনা, সাতক্ষীরা-কালিগঞ্জ-শ্যামনগর-মুন্সীগঞ্জসহ সবকটি সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। 
 
ইত্তেফাক/আরকেজি