'বেগম রোকেয়া ছিলেন জ্ঞানের সাধক'

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৭, ২২:৩৫

জনপ্রশাসন মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচএন আশিকুর রহমান এমপি বলেছেন, ‘বেগম রোকেয়া ছিলেন জ্ঞানের সাধক'।

সোমবার রাতে বেগম রোকেয়া দিবসের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, '১৮৮০ সালে মিঠাপুকুর ছিল অন্ধকার জনপদ। তখনকার মেয়েরা সূর্যের মুখও দেখতে পায়নি। বেগম রোকেয়া আলোকবর্তিকা বহন করেছেন। আমাদের সমাজকে আলোকিত সমাজে রূপান্তরিত করেছেন।’

তিনি আরও বলেন, ‘বেগম রোকেয়া নারীদের এগিয়ে নেওয়ার জন্য সারা জীবন সংগ্রাম চালিয়ে গেছেন। নারী-পুরুষের সম অধিকার প্রতিষ্ঠায় তিনি পথপ্রদর্শকের ভুমিকা পালন করেছেন।’

বেগম রোকেয়া মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভা বিকেল সাড়ে ৪টায় শুরু হওয়ার কথা থাকলেও, হয়েছে ৮টায়। রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বেগম রোকেয়ার সাহিত্যকর্মের শিল্পমূল্য-প্রবন্ধ পাঠ করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা। আলোচনা করেন কাউনিয়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ড. শাশ্বত ভট্টাচার্য, বাংলাদেশ বেতার রংপুরের সাবেক আঞ্চলিক পরিচালক মিজ মনোয়ারা বেগম ও রংপুর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান টুটুল।

অনুষ্ঠানের শেষভাগে পুরস্কার ও পদক বিতরণ করা হয়। নাটিকা ও  সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশিত হয়।

ইত্তেফাক/নূহু