নওগাঁর আত্রাই উপজেলায় বেশ কিছু জিহাদী বইসহ ২ নব্য জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে কাঁশিয়াবাড়ি স্লুইচগেট সংলগ্ন এলাকা থেকে সোমবার (১১ ডিসেম্বর) রাত ১০টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হল, উপজেলার নওদুলী গ্রামের আলহাজ্ব রফিকুল উল্লার ছেলে রবিউল আওয়াল রিপন (৩২) এবং একই উপজেলার ভরতেঁতুলিয়া গ্রামের আজিজ গাদ্দাফির পালিত ছেলে পারভেজ গাদ্দাফি (২০)। পারভেজ গাদ্দাফির জন্মদাতা পিতা উপজেলার কাশিয়াবাড়ী গ্রামের আমজাদ হোসেন।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানান, উপজেলার কাশিয়াবাড়ি স্লুইচগেট সংলগ্ন এলাকায় নব্য দুই জেএমবি সদস্য একটি গোপন বৈঠক করছে এমন গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু জিহাদী বই উদ্ধার করা হয়।
ওসি আরো জানান, তারা তালিকাভুক্ত নব্য জেএমবির সদস্য। আত্রাই থানায় এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/নূহু
