গত দু’দিনের টানা বৃষ্টিতে বিভিন্ন স্থানে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া জনদুর্ভোগও চরম আকার ধারণ করেছে। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
চাঁদপুর: চাঁদপুরে রবি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে আলু, ফুলকপি, বাঁধাকপি, খিরাই, মিষ্টি কুমড়া, ধান, গম, ভুট্টা, বোরো ধানের বীজতলা ইত্যাদি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। জেলার প্রায় ৭০ ভাগ জমিতে বৃষ্টির পানি জমে থাকায় আলু বীজ বপন করা যাচ্ছে না অথচ কৃষকরা জমি তৈরি করে বীজ নিয়ে বাড়িতে বসে আছে। অনেক ক্ষেতে পানি জমে শীতকালীন বিভিন্ন শাকসবজি পচে যাওয়ার উপক্রম হয়েছে। এদিকে অসময়ের অবিরাম বৃষ্টিতে অনেক স্থানে পাকা আমন ধান পানিতে তলিয়ে গেছে। মতলব উত্তর, চাঁদপুর, ফরিদগঞ্জ উপজেলার কৃষকরা জানান, তাদের পাকা আমন ধান পানিতে তলিয়ে যাওয়ায় এখন তা কেটে ঘরে তুলতে পারছেন না। এদিকে চাঁদপুর সেচ প্রকল্প ও মতলব ধনাগোদা সেচ প্রকল্পের অভ্যন্তরে অনেকাংশে পানি জমে থাকায় অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া বৃষ্টির কারণে চাঁদপুর শহরের প্রধান প্রধান সড়ক বিশেষ করে চাঁদপুর-কুমিল্লা সড়ক, ট্রাক রোড, বঙ্গবন্ধু সড়ক ও নতুন বাজার সড়কগুলোতে যানবাহন চলাচল কঠিন হয়ে পড়েছে।
নলছিটি (ঝালকাঠি): নলছিটি উপজেলার হতদরিদ্র মানুষ প্রচণ্ড শীতে কাঁপছে। এদিকে বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় কৃষকের ফসলী জমির আমন ধান মাটির সঙ্গে মিশে গেছে। যার ফলে ফসলী জমির মাঠে পানি জমে গবাদিপশুর খাদ্য খড় নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।
দুমকি (পটুয়াখালী): দুমকি উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকরা বিপাকে পড়েছেন। রবি মৌসুমের ফসলের জন্য জমি চাষাবাদ করে ফসলের জন্য বিভিন্ন জাতের বীজ বপন করা হলেও তা সম্পূর্ণভাবে হঠাত্ বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে। মুরাদিয়া, লেবুখালী, কার্তিক পাশা, পাংগাশিয়া, আলগী, জলিসা, দুমকির বিভিন্ন এলাকায় রবি মৌসুমের ক্ষতি হয়েছে বলে কৃষকদের কাছ থেকে জানা গেছে। দুমকির কৃষক কেরামত আলী বলেন, ঋণ নিয়ে রবি মৌসুমের বিভিন্ন ফসলের চাষাবাদ করলেও তা নষ্ট হয়ে গেছে। এ ফসল তুলতে আরও একমাস পিছিয়ে গেল।
সদরপুর (ফরিদপুর): সদরপুর উপজেলার নয় ইউনিয়নে রবি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে সদ্য বোনা রবি ফসল খেসারী, মসুরি, মাসকালাই, গম ও ধনিয়ার মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক এলাকায় এখনো জলাবদ্ধতার কারণে চাষিরা ফসল বোনতে পারেননি। আবার অনেক এলাকায় উঠতি আমন ধান বৃষ্টিতে গজিয়ে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে।
বেতাগী (বরগুনা): বেতাগীতে আমন ধান ও সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। পৌর শহরসহ উপজেলার বিস্তীর্ণ এলাকার জনজীবনে পোহাতে হচ্ছে দুর্ভোগ। কৃষকরা জানিয়েছেন, প্রকৃতির এই অস্বাভাবিক আচরণে তাদের পথে বসার উপক্রম হয়েছে।
ফুলবাড়ীয়া (ময়মনসিংহ): ফুলবাড়ীয়া উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় আবাদ করা আমন ধান কাটার ভরা মৌসুমে হঠাত্ করে বৃষ্টি শুকনা ধান ভিজিয়ে দিয়েছে। এরই মধ্যে ক্ষেতে কেটে রাখা ধান পানিতে তলিয়ে গিয়ে তাতে চারা গজানোর উপক্রম হয়েছে। কৃষি বিভাগ বৃষ্টিতে কেটে রাখা ধানের ক্ষতির আশংকার কথা বলেছে।
উপজেলার বাকতা গ্রামের কৈয়ারচালা গ্রামের কৃষক আ. ছালাম জানান, আমন ধান কেটে তিনি ক্ষেতে রেখেছেন শুকানোর জন্য। হঠাত্ বৃষ্টিতে ক্ষেতে পানি জমে গেছে। তলিয়ে গেছে ধান।
ইত্তেফাক/নূহু
