শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথের ফেরি চলাচল বন্ধ রয়েছে ঘন কুয়াশার কারণে। এতে মাঝ নদীতে আটকা পড়েছে চারটি রোরোসহ ছয় ফেরি। পারাপারের অপেক্ষায় শিমুলিয়া ঘাটে জট বেঁধেছে আড়াই শতাধিক যানবাহন।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক গিয়াস উদ্দীন পাটোয়ারী জানান, সোমবার রাত বাড়ার সাথে সাথে কুয়াশার তীব্রতা বাড়তে থাকলে, মধ্য পদ্মায় নোঙর করা হয় মোট ছয়টি ফেরি। সব ধরনের ঝুঁকি এড়াতে রাত ২টা থেকে বন্ধ করে দেয়া হয় এই পথের ফেরি চলাচল। দীর্ঘ সময়ে ফেরি বন্ধ থাকায় যাত্রীসাধারণ পড়েছে ভোগান্তিতে।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক খন্দকার শাহ নেওয়াজ খালেজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জানান, কাঠাঁলবাড়ি প্রান্তে কুয়াশা কেটে যাওয়ায় ওপার থেকে ফেরি ছেড়েছে। তবে শিমুলিয়া প্রান্তে এখন নদীতে ঘন কুয়াশা। তাই ফেরিগুলো মাঝ নদীতে নোঙ্গর করে আছে। কুশায়াশা কেটে যাওয়ার পর ফেরি চলাচল শুরু হবে।
ইত্তেফাক/জামান
