জয়পুরহাটে ৯ হাজার ৭০৫ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৭, ১২:৫০
জেলায় চলতি ২০১৭-২০১৮ আমন সংগ্রহ মৌসুমে ৯ হাজার ৭০৫ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ সংগ্রহ অভিযান চলবে।
 
জেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, অভ্যন্তরীণ খাদ্য মজুদ নিশ্চিত করার লক্ষ্যে চলতি মৌসুমে জেলায় ৯ হাজার ৭০৫ মেট্রিক টন আমন চাল সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে রয়েছে জয়পুরহাট সদর উপজেলায় ১ হাজার ৯০৬ মে. টন, পাঁচবিবি উপজেলায় ৩ হাজার ৩৫৫ মে. টন, আক্কেলপুর উপজেলায় ২৫৩ মে. টন, কালাই উপজেলায় ২ হাজার ৫৪৮ মে. টন ও ক্ষেতলাল উপজেলায় এক হাজার ৬৪৩ মে. টন।
 
এবার অভ্যন্তরীণ খাদ্য মজুদ নিশ্চিত করার জন্য ৫শ ২০ জন মিল মালিককে চুক্তিবদ্ধ হওয়ার জন্য চিঠি দেয়া হয়েছে বলে জানান জেলা খাদ্য নিয়ন্ত্রক ইকবাল বাহার চৌধুরী। ১০ ডিসেম্বর পর্যন্ত ২৬৩ জন মিল মালিক প্রায় ৯ হাজার মেট্রিক টন চাল সরবরাহের জন্য চুক্তি সম্পাদন করেছেন। বাজারে ধানের দাম বেশি এবং কৃষকের কথা চিন্তা করে সরকার এবার প্রতি কেজি চালের মূল্য ৩৯ টাকা নির্ধারণ করেছেন। গত বছরের তুলনায় কেজি প্রতি ৬ টাকা অতিরিক্ত । যা বিগত সময়ের সংগ্রহ অভিযানের তুলনায় একটি মাইল ফলক সিদ্ধান্ত।
 
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, নিবিড় বার্ষিক ফসল উৎপাদন কর্মসূচীর আওতায় ২০১৬-২০১৭ মৌসুমে জয়পুরহাট জেলায় রোপা আমন ধানের চাষ হয়েছে ৭২ হাজার ১৭০ হেক্টর জমিতে। এতে চালের উৎপাদন হয়েছে আড়াই লাখ মেট্রিক টনের বেশি বলে জানান কৃষি কর্মকর্তারা।
 
ইত্তেফাক/এমআর