গাজীপুরের কাশেমপুরে অবস্থিত ডিবিএল গ্রুপের জিন্নাত কমপ্লেক্স এ নিরাপদ- ২ প্রকল্প পরিদর্শন করেছেন নেদারল্যান্ডস পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এনজেলিক ভেন ডার মাডে, ডিএসও-জিএ এবং বাংলাদেশে অবস্থিত নেদারল্যান্ডস এম্বাসির ফার্স্ট সেক্রেটারি ড. এনি ভেস্তিয়েন্স। নেদারল্যান্ডস এম্বাসির অর্থায়নে পরিচালিত বেসরকারি সংস্থা মেরী স্টোপস বাংলাদেশ-এর নেতৃত্বে সহযোগী সংস্থা ফুলকি সোমবার এই পরিদর্শনের আয়োজন করে।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডিবিএল গ্রুপ এর ব্যবস্থাপক, হাসান ইমাম, ডিবিএল গ্রুপের মোহাম্মদ জাহিদউল্লাহ, স্থায়িত্ব বিভাগের প্রধান; নাইমুল হক, সাধারণ ব্যবস্থাপক এইচআর এবং মেরী স্টোপস বাংলাদেশের ইমরুল হাসান খান, জেনারেল ম্যানেজার-বিশেষ প্রকল্প।
অতিথিরা বলেছেন, যদি গার্মেন্টস এ কর্মরত সকল নারী কর্মী নিজেদের অধিকার সম্পর্কে এবং প্রজনন স্বাস্থ্যসেবা বিষয়ে সচেতন হয় তাহলে তিন বছরের মধ্যে বাংলাদেশের সার্বিক উন্নয়নে এই নারী কর্মীরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টঙ্গী এলাকার পরিবার পরিকল্পনা অফিসার, নুর-এ-জান্নাত। এছাড়াও উপস্থিত ছিলেন মেরী স্টোপস বাংলাদেশের নিরাপদ-২ প্রকল্পের খালেদা ইয়াসমিন, টিম লিডার, ফুলকির প্রজেক্ট ম্যানেজার সালমা পারভীন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
ফুলকি নিরাপদ-২ প্রকল্পের অধীনে গাজীপুরে অবস্থিত ডিবিএল গ্রুপসহ ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন গার্মেন্টসে প্রজনন স্বাস্থ্যসেবা সম্পর্কিত জনসচেতনতা তৈরি এবং গার্মেন্টস-এর অভ্যন্তরে পরিবার পরিকল্পনা কর্নার-এর মাধ্যমে নিরাপদ প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
উক্ত অনুষ্ঠানে, বক্তারা বলেন বাংলাদেশের গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠানের নারী শ্রমিকের প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা তৈরিতে সরকারী-বেসরকারী য়ৌথভাবে যেসব উদ্যোগ নেয়া হচ্ছে তা প্রশংসনীয় । ভবিষ্যতে প্রতিটি শিল্প কারখানার শ্রমিকদের প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সচেতন করতে হবে যা প্রতিষ্ঠানের উৎপাদন বাড়াতে সহায়তা করবে।
ইত্তেফাক/সাব্বির
