নিউইয়র্কে হামলাকারী বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৭, ২১:৪৯
নিউইয়র্ক বাস টার্মিনালে বিস্ফোরণের জন্য বাংলাদেশি সন্দেহভাজন হামলাকারী আকায়েদ উল্লাহর বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে। সোমবার সকালে ম্যানহাটনের পোস্ট অথরিটি বাস টার্মিনালে বিস্ফোরণ ঘটাতে গিয়ে তিনি আহত হন।
 
আকায়েদ উল্লাহ গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া এই বিস্ফোরণে আরো ৩ জন ব্যক্তি সামান্য আহত হয়েছে। মঙ্গলবার নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) টু্ইটারে দেয়া পোস্টে জানিয়েছে, আকায়েদ উল্লাহর বিরুদ্ধে অস্ত্র রাখার ফৌজদারি অভিযোগ, সন্ত্রাসবাদ কর্মকাণ্ড সমর্থক ও সন্ত্রাসবাদী হুমকি প্রদানের অভিযোগ গঠন করা হয়েছে।
 
হামলাকারী তদন্তকারীদের জানিয়েছে, ইউরোপে ক্রিসমাস হামলার অনুকরণে পোর্ট অথরিটি বাস টার্মিনালে হামলা করতে অনুপ্রাণিত হয়। সাবওয়ের ওয়ালে উৎসবের বিভিন্ন পোস্টার দেখে সে হামলা করার সিদ্ধান্ত নেয়। নিউইয়র্ক টাইমস জানিয়েছে, সিরিয়ায় ও অন্যান্য অঞ্চলে আইএসকে লক্ষ্য করে মার্কিন বিমান হামলার পরে আকায়েদ এই হামলা করেছে।
 
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পাইপ, পেরেক, একটি ৯ ভোল্ট ব্যাটারি ও ক্রিসমাস লাইটের তার ব্যবহার করে ডিভাইসটি তৈরি করেছেন আকায়েদ। বিস্ফোরকটি তার দেহের সঙ্গে স্ট্যাপ দিয়ে লাগানো ছিল। পুলিশের ধারণা ব্রুকলিনের বাসিন্দা আকায়েদ ঘরে বসেই বোমাটি তৈরি করেছে এবং সে একাই করেছে এই কাজ।
 
এনওয়াইপিডির কাউন্টার টেররিজম ও ইন্টেলিজেন্টস বিষয়ক ডেপুটি কমিশনার জন মিলার বলেন, সন্দেহভাজন আকায়েদের অর্থনৈতিক অসচ্ছলতা ছিল না এবং সে পুলিশ কিংবা এফবিআইয়ের নজরদারিতেও ছিল না। এই বৈশিষ্ট্যটা আমরা বিশ্বজুড়ে দেখছি যে আকস্মিকভাবে কেউ আবির্ভূত হয়ে হামলা চালাচ্ছে।
 
চট্টগ্রামের বাসিন্দা আকায়েদ ২০১১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সর্বশেষ গত সেপ্টেম্বর বাংলাদেশ সফর করা আকায়েদের বিরুদ্ধে বাংলাদেশেও কোনো অভিযোগ নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ম্যানহাটনে সোমবারের হামলা ও এর অক্টোবরের হামলায় যেটাতে ৮ জন নিহত হয়েছিল সেটা এটাই নির্দেশ করে মার্কিন জনগণকে রক্ষায় অভিবাসন আইনে পরিবর্তন আনা প্রয়োজন। বিবিসি।
 
ইত্তেফাক/সাব্বির