গফরগাঁওয়ের আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ, চেয়ারম্যানসহ আহত তিন

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৭, ২২:১৪

ময়মনসিংহের গফরগাঁওয়ে মঙ্গলবার বিকালে আওয়ামী লীগ দলীয় এমপি ফাহমী গোলন্দাজ বাবেল গ্রুপ ও সাবেক এমপি ক্যাপ্টেন (অবঃ) গিয়াস উদ্দিন আহম্মেদের গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে টাংগাব ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন সাগর, টাংগাব ইউনিয়ন ৮ নং ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল (৩৫), টাংগাব ইউনিয়ন ছাত্রলীগ নেতা সাইফুলসহ তিনজন আহত হয়। গুরুতর আহত আবদুল আওয়ালকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল ৫টার দিকে উপজেলার টাংগাব ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন সাগরের নেতৃত্বে ২০/২২ টি মোটর সাইকেলের বহর নিয়ে একদল নেতাকর্মী নিগুয়ারী ইউনিয়নের ত্রিমোহনী বাজারে অনুষ্ঠেয় বাবেল গ্রুপের বর্ধিত সভায় যোগ দিতে যাচ্ছিল। আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি ক্যাপ্টেন (অবঃ) গিয়াস উদ্দিনের নিগুয়ারী ইউনিয়নের পাতলাশী গ্রামের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় এমপি বাবেল গ্রুপের নেতা-কর্মীদের দুইটি মোটর সাইকেল ভাংচুর করা হয়।

পাগলা থানার ওসি মোঃ মুখলেছুর রহমান জানান, দুইটি মোটর সাইকেল ভাংচুর হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে।

উল্লেখ্য, ১৬ ডিসেম্বর বিজয় দিবসে উপজেলার পাগলা সাহেব আলী একাডেমিতে একই দিনে একই স্থানে উভয় গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ আহবানকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ইত্তেফাক/নূহু