সাভারে পৃথকস্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে চল্লিশ হাজার পাঁচশ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
সাভারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম।
সংবাদ সম্মেলনে খোরশেদ আলম বলেন, ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমানের নির্দেশনায় ঢাকা জেলা পুলিশ সবসময় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে কাজ করছে। গোপন সংবাদের ভিত্তিতে মাদকের বিশাল চালান আসছে বলে জানতে পেরে সোমবার রাতে ডিবি পুলিশের সদস্যরা কয়েকটি দলে বিভক্ত হয়ে অভিযান পরিচালনা করে। অভিযানে সাভারের ভাকুর্তা ইউনিয়নের মুগরাকান্দা এলাকার রানা আহম্মেদের বাড়ি থেকে সাড়ে ৭ হাজার পিস ইয়াবসহ তোফায়েল হোসেন (২৩) নামে এক যুবককে আটক করা হয়েছে।
অন্যদিকে আশুলিয়ার বলিভদ্র এলাকা থেকে ১৩ হাজার পিস ইয়াবসহ মো. আমির হোসেন (২০) ও আশুলিয়ার পলাশবাড়ি এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ মো. আমিনুল (৩০) নামে আরও দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ ইয়াবা পাচারের সাথে জড়িত বাকিদেরকে ধরতে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
ইত্তেফাক/আরকেজি
