সাভারে শিশু ধর্ষণের পর হত্যা, ধর্ষক আটক

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৭, ২২:৪৯
 
সাভারে সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে মো. সাইম (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 
 
সোমবার বিকেলে আশুলিয়ার জামগড়া পূর্বপাড়া মহল্লার ফিরোজ মিয়ার ভাড়া বাড়িতে এ ধর্ষণের ঘটনা ঘটে। এঘটনায় শিশুটির বাবা রিকশাচালক ইমরান মল্লিক বাদী হয়ে মঙ্গলবার আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। 
 
ধর্ষক সাইম ময়মনসিংহের নান্দাইল থানার চরসিরামপুর গ্রামের মৃত হাছেন আলীর ছেলে। তিনি আশুলিয়ার জামগড়া এলাকার ফিরোজের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন। 
 
মামলার বিবরণ থেকে জানা যায়, মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি থানার আমতলী এলাকার ইমরান মল্লিক সাড়ে তিন বছরের মেয়ে আখি আক্তার ইমুকে নিয়ে আশুলিয়ার জামগড়া পূর্বপাড়া মহল্লার ফিরোজের বাড়িতে পরিবারসহ ভাড়া থাকতেন। তিনি পেশায় রিকশাচালক এবং তার স্ত্রী সাথী আক্তার স্থানীয় দি রোজ নামে একটি তৈরি পোশাক কারখানায় কাজ করেন।
কাজের সুবাদে তারা বেশিরভাগ সময় বাড়ি না থাকায় আখি প্রতিবেশী সাইমের মেয়ে তানজিনার (৫) সঙ্গে খেলাধুলা করতো।
 
প্রতিদিনের মতো সোমবার দুপুরে ইমরান মেয়েকে দাদির কাছে রেখে স্ত্রীকে নিয়ে কাজে চলে যান। এসময় প্রতিবেশী সাইম বাসায় ছিলেন। আখি ও তানজিনা একসাথে তার ঘরে খেলা করছিল। এরপর বিকেলের দিকে জানতে পারেন আখি অজ্ঞান অবস্থায় ঘরের পাশে পড়ে রয়েছে। বাসায় ফিরে মেয়েকে নিয়ে স্থানীয় নারী ও স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক বলেন, আখি ধর্ষণের শিকার হওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। 
 
নারী ও শিশু কেন্দ্রের ডেপুটি ম্যানেজার মো. হারুন অর রশিদ জানান, মেয়েটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাদের কথা-বার্তায় সন্দেহ হওয়ায় বিষয়টি পুলিশে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। 
 
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আতাউর রহমান খন্দকার জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়েরসহ অভিযুক্ত সাইমকে আটক করা হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি