খাগড়াছড়িতে অস্ত্রসহ ৬ যুবক আটক

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৭, ১১:৪২
 
খাগড়াছড়ির গুইমারা উপজেলার চৌধুরীপাড়া এলাকা থেকে বিপুল অস্ত্রসহ ৬ যুবককে আটক করেছে গুইমারা সেনা রিজিওনের নিরাপত্তা বাহিনী। বুধবার ভোরে তাদের আটক করা হয়।
 
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গুইমারা সেনা রিজিওনের যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে প্রথমে ছয় উপজাতীয় যুবককে আটক করে এবং পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী তাদের একটি গোপন আস্তানা থেকে ২টি পিস্তল, ১টি রাইফেল, ১টি দেশীয় এলজি এবং ৪৯ রাউন্ড গুলী উদ্ধার করা হয়।
 
নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে স্থানীয় সাংবাদিকদের জানানো হয়, আটককৃতরা সকলেই আঞ্চলিক রাজনৈতিক দল 'ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট- (ইউপিডিএফ)'-এর সামরিক শাখার কর্মী। তবে ইউপিডিএফ'র পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোন প্রতিক্রিয়া জানায়নি।
 
গুইমারা থানার ওসি শাহাদাত হোসেন টিটো অস্ত্র উদ্ধার এবং আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/জামান