অবমুক্তের পর আবারো লোকালয়ে সেই 'রাসেল ভাইপার'

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৭, ১২:৪২
 
অবমুক্ত করার ১ ঘণ্টা পর আবারো লোকালয়ে ফিরে এলো সেই বিষধর সাপ 'রাসেল ভাইপার'। গতকাল মঙ্গলবার সকালে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের খালাশী ডাঙ্গী গ্রামের একটি মুগ ক্ষেত থেকে ওই সাপটি ধরা পড়ে।
 
জানা যায়, স্থানীয় সাংবাদিকদের নিকট থেকে খবর পেয়ে মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলা বন কর্মকর্তা মো. ছালাউদ্দিন ও তার অফিস স্টাফ প্রাণ গোপাল ঘটনাস্থলে যান। তারা ৪ ফুট দৈর্ঘ্যের ওই সাপটি নিয়ে সেই মুগ ক্ষেত থেকে কিছু দূরে পদ্মা নদীর পানিতে ছেড়ে দেন। কিন্তু ১ ঘণ্টা পরে পুনরায় সাপটি লোকালয়ে ফিরে আসার ঘটনা ঘটে। বিকেল ৫টায় স্থানীয় নারায়ণ বিশ্বাস (৫৫) নদী থেকে গোসল করে ফেরার পথে সাপটি দেখতে পান।
 
খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় সরজমিনে নদী পাড়ে গিয়ে সাপটিকে জীবিত অবস্থায় দেখতে পাওয়া যায়। যে স্থানে সাপটি পাওয়া যায় সেখান দিয়ে প্রতিদিন নানা বয়সী ছেলে মেয়েরা গোসল করার পাশাপাশি নদীর পানিতে গবাদি পশু গোসল করায় স্থানীরা। বিষধর সাপটি পুনরায় লোকালয়ে ফিরে আসায় তাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তাই দায়সারাভাবে এই ধরণের বিষধর সাপ যত্র-তত্র অবমুক্ত না করে নিরাপদ স্থানে অবমুক্ত বা সংরক্ষণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান স্থানীয়রা।
 
সাপটি ফিরে আসার ব্যাপারে উপজেলা বন কর্মকর্তা মো. ছালাউদ্দিন এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি অবাক হয়ে জানান, সাপটি তিনি নদীর পানিতে ছেড়ে দিয়েছেন। তিনি বলেন, 'সাপটি যদি ফিরে এসেও থাকে তবে মানুষ দেখলে ভয়ে চলে যাবে।'
 
ইত্তেফাক/জামান