মহান মুক্তিযুদ্ধের প্রজন্মের দৃঢ়তা ও প্রত্যয় ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সঞ্চারিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন ব্রাহ্মণবাড়িয়া আওয়ামীলীগ সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। ৪৬তম মহান বিজয় দিবসকে সামনে রেখে ফেসবুকে দেয়া এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মোকতাদির চৌধুরী বলেন, ১৯৭১ সালে জাতির পিতার আহ্বানে ও নেতৃত্বে স্বাধীনতা অর্জনের জন্য যে দৃঢ়তা ও প্রত্যয় প্রদর্শন করেছিল লাখো কোটি মানুষ, সেই দৃঢ়তা ও ঐক্য সমুন্নত রেখে যেন আমাদের সন্তানেরা দেশটিকে এগিয়ে নিতে চেষ্টা করে। তিনি বিজয় দিবসে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় বিজ্ঞান ও সুশিক্ষায় পরিপূর্ণ এবং কূপমণ্ডূকতা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার শপথ গ্রহণের আহ্বান জানান।
ভিডিওর শুরুতেই সর্বকালের সেরা বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা স্মরণ করেন। সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী ও আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামানের অবদানের কথা উল্লেখ করেন। শ্রদ্ধানিবেদন করেন ৩০ লাখ শহীদ ও সম্ভ্রম হারানো লাখো মা বোনের প্রতি।
IMG0
২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার সরকারের ভিশন ২০২১ এর কথা উল্লেখ করে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই লক্ষ্য অর্জনের পথে ইতিমধ্যে বেশ অগ্রগতি অর্জন করেছি। বঙ্গবন্ধু চেয়েছিলেন বাংলাদেশ সমৃদ্ধ, উন্নত ও বিজ্ঞানমনস্ক মানুষের দেশ হিসেবে গড়ে উঠবে। আমরা এই জন্যই যুদ্ধ করেছিলাম, রক্ত দিয়েছিলাম।
ইত্তেফাক/সাব্বির
