আবুর লাশ ফেরত দিল বিএসএফ

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৭, ১৮:০৭
 
গোদাগাড়ী সীমান্তে গুলি করে হত্যার তিনদিন পর আশরাফ হোসেন ওরফে আবুর লাশ ফেরত দিয়েছে বিএসএফ। তিনি উপজেলার ভারতীয় সীমান্তচর আষাড়িয়াদহ ইউনিয়নের চর ভুবনপাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
 
মঙ্গলবার দিবগত রাত সাড়ে ১২টার দিকে বিএসএফ-৪ ব্যাটালিয়নের সদস্যরা বিজিবির ডিএমসি সীমান্ত ফাঁড়ির সদস্যদের কাছে আবুর লাশ হস্তাস্তর করে।
 
এ সময় উপস্থিত ছিলেন চর আষারিয়াদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সানাউল্লাহ। ডিএমসি সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার ফরিদ আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, লাশ পাওয়ার পর রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ভারতে লাশের ময়নাতদন্ত এবং আইনগত প্রক্রিয়া শেষ করতে দেরি হওয়ায় লাশটি ফেরত পেতে দেরি হয়েছে।
 
শনিবার রাতে সীমান্তে গরু আনতে যান আবু ও তার চাচাতো ভাই এশারুল ইসলাম ওরফে মিঠুসহ আরও কয়েকজন গরু ব্যবসায়ী। ওইদিন তারা তারকাটার বেড়া কেটে ভারত থেকে বাংলাদেশের ভেতরে গরু ঢোকানোর চেষ্টা করছিলেন।
 
এ সময় ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বরমতপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি করেন। গুলিতে কাটাতারের বেড়ার কাছেই মারা যান আবু। তবে গুলিবিদ্ধ অবস্থায় মিঠু বাংলাদেশের ভেতরে পালিয়ে আসার পরে তার মৃত্যু হয়। এরপর মিঠুর লাশ তার সহযোগীরা বাড়িতে নিয়ে যান। তবে আবুর লাশ নিয়ে যায় বিএসএফ। এনিয়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক হয়। তিনদিন পর লাশটি ফেরত দেয় বিএসএফ।
 
ইত্তেফাক/আরকেজি