নেত্রকোনা-পূর্বধলা সড়কের নারায়ণডহর বাজার এলাকার সড়কটিকে নদী ভাঙনের কবল থেকে রক্ষাকারী দেয়াল ধসে পড়েছে। ফলে যে কোনো সময় যানবাহন সড়ক থেকে ছিটকে পড়ে বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
মাত্র ১৭ কিলোমিটার দীর্ঘ নেত্রকোনা পূর্বধলা সড়কটির হাল অবস্থা এতই খারাপ যে, যানবাহন চলাচলসহ জনসাধারণও চলতে পারছেন না। এই সড়কটি বছর দুই পূর্বে সড়ক ও জনপথ বিভাগ সংস্কার করলেও কাজের মান খুব খারাপ থাকায় সারা সড়ক থেকে পিচ উঠে যায় এবং বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এদিকে নারায়ণডহর বাজার এলাকার তিন-চারটি স্থান থেকে সড়ক রক্ষা দেয়াল ধসে পড়ায় সড়কটিই এখন যানবাহন চলাচলে অযোগ্য হয়ে পড়েছে। সড়কের নেত্রকোনা অংশ যেমন খারাপ তেমনি পূর্বধলার অংশও খারাপ। ছোট-বড় যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। অটো বা টেম্পো সড়কে উল্টে পড়ে যাচ্ছে। ঘটছে নিত্য দুর্ঘটনা।
অটো চালক হামিদ মিয়া এ প্রতিনিধিকে বলেন, যাত্রীরা সড়ক খারাপ থাকার জন্য অটোতে উঠতে চান না। কারণ সড়কটি ভাঙা থাকায় অটোর ঝাঁকুনিতে যাত্রীরা অসুস্থ হয়ে পড়েন। ফলে তাদের ভাঙা সড়কে আয়-রোজগারও কমে গেছে বলে তিনি উল্লেখ করেন।
এ ব্যাপারে নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, সড়কটি সংস্কারের জন্য ইতোমধ্যে জরিপ কাজ শেষ করা হয়েছে। অর্থ বরাদ্দসাপেক্ষে সড়ক সংস্কারের কাজে হাত দেওয়া হবে। তবে কবে হবে তারা তা বলতে পারেননি।
এদিকে নেত্রকোনার এমপি যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এবং পূর্বধলার এমপি ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীকের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, সড়কটি সংস্কারের জন্য ইতোমধ্যে যোগাযোগ মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়েছে এবং এমপিদের পক্ষ হতে ডিও লেটারও প্রদান করা হয়েছে।
ইত্তেফাক/নূহু
