হোমনা উপজেলার দুলালপুর-রামকৃষ্ণপুর সড়কের বেহাল অবস্থা বিরাজ করছে। সড়কটি দীর্ঘদিন যাবত্ সংস্কার না করায় সড়কের বিভিন্ন স্থানে পিচঢালাই ওঠে অসংখ্য খানা-খন্দকের সৃষ্টি হয়েছে।
আর সামান্য বৃষ্টি হলেই এসব খানা-খন্দকের মধ্য পানি ও কাদা জমে থাকে। যার ফলে এ সড়কে চলাচলকারী সিএনজি অটোরিকশাসহ অন্য যানবাহনগুলো প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়ছে। বৃষ্টি হলে কয়েকদিন পর্যন্ত সড়কে পায়ে হেঁটে চলাও দুরূহ হয়ে পড়ে। তারপরও কোনো বিকল্প ব্যবস্থা না থাকায় অনেক কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে উত্তর-পূর্বাঞ্চলের প্রায় বিশ সহস্রাধিক মানুষ প্রতিদিন সড়কটিতে যাতায়াত করছে। ভুক্তভোগী এলাকাবাসী দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানান।
এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান অ্যাড. আজিজুর রহমান মোল্লা জানান, সড়কটির অবস্থা খুবই খারাপ, জরুরি সংস্কার করা প্রয়োজন।
উপজেলা প্রকৌশলী মো. জহিরুল হক জানান, সড়কটি সংস্কারের জন্য গত ৬ মাসে আগেই এ একটি ঠিকাদারী প্রতিষ্ঠানকে কাজ বুঝিয়ে দেওয়া হয়েছে। আট মাসের মধ্যে সংস্কার কাজ শেষ করার কথা থাকলেও ৬ মাসের বেশি সময় পার হয়ে গেলেও ঠিকাদার প্রতিষ্ঠান এখনো কাজই শুরু করেনি। কাজ শুরু করতে ঠিকাদারকে বার বার তাগিদ দেওয়া হয়েছে।
ইত্তেফাক/নূহু
