সিলেট সদর উপজেলার খাদিম এলাকায় নির্মিত হযরত শাহপরান (র.) হাসপাতালটি ২০১৪ সালে নির্মাণ কাজ শুরু হয়। দীর্ঘ তিন বছরেও হাসপাতালটি চালু করা সম্ভব হয়নি। ফলে ওই এলাকার লক্ষাধিক লোক চিকিত্সাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। এলাকাবাসীকে ৫ কিলোমিটার দূরের নগরীর ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল বা সদর হাসপতালে চিকিত্সাসেবা নিতে ছুটে আসতে হয়। এতে সাধারণ মানুষের দুর্ভোগের শেষ নেই।
সিলেট নগরীর পূর্বাঞ্চল বটেশ্বর, খাদিমসহ আশাপাশ এলাকার মানুষের চিকিত্সাসেবা দিতে ঐ এলাকায় একটি হাসপাতাল নির্মাণের দাবি বহুকালের। সেই প্রেক্ষিতে হযরত শাহপরান (র.) এর মাজার গেট সংলগ্ন একটি ৩১ শয্যা বিশিষ্ট হযরত শাহপরান (র.) হাসপাতাল নির্মাণ করা হয়। যা ২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন। তিন তলা বিশিষ্ট ভবনে চিকিত্সা সরঞ্জামাদিও আছে। তবু চিকিত্সাসেবা পাচ্ছেন না রোগীরা। তিন বছর ধরে এই অবস্থায় পড়ে আছে ভবনটি।
জাতীয় পার্টির (জেপি) জেলা সভাপতি ইফতেখার আহমদ লিমন বলেন, ‘হাসপাতালটি দ্রুত চালু হলে রোগীদের দুর্ভোগ পোহাতে হবে না।’
সিলেটের সিভিল সার্জন হিমাংশু লাল রায় জানান, ৩১ শয্যার হাসপাতালের জন্য ৯ জন চিকিত্সকসহ ৩৭টি কর্মকর্তা-কর্মচারীর জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তিও প্রদান করা হয়। তবে এখনও অর্থনৈতিক অনুমোদন পাওয়া যায়নি। অবকাঠামো নির্মিত হলেও বাকী প্রক্রিয়াগুলো সমপন্ন না হওয়ায় হাসপাতাল চালু করা যাচ্ছে না। তাই এটি চালু হতে আরো কিছুটা সময় লাগবে।
সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ বলেন, দীর্ঘদিন পরে হলেও এই হাসপাতালের জন্য জনবল অনুমোদন হয়েছে। আশা করছি শীঘ্রই এটি চালু করা সম্ভব হবে।
