টাঙ্গাইলের নাগরপুরে পুলিশের সঙ্গে ডাকাতের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ ৪ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার গভীর রাতে উপজেলার গয়হাটা কলাবাগান নামক স্থানে।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাঈন উদ্দিন সাংবাদিকদের জানান, বুধবার দিবাগত রাতে থানার এস আই আব্দুল্লাহ আল মাসুদ ফোর্স নিয়ে নাগরপুর থানার মুলতবী গ্রেফতারী পরোয়ানার অভিযান শেষে থানায় ফিরছিলেন। ফেরার পথে গয়হাটা পাকা রাস্তার পাশে কলাবাগান নামক স্থানে পৌঁছালে সংঘবদ্ধ একটি ডাকাত দল কলাবাগানের ভিতর থেকে পুলিশের গাড়ী লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করলে পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। উভয় পক্ষের মধ্যে প্রায় ৪/৫ মিনিট গুলাগুলির ঘটনা ঘটে। এতে পুলিশ ৭ রাউন্ড রাবার বুলেট ছোড়ে।
গোলাগুলির শব্দ পেয়ে এলাকাবাসী এগিয়ে আসে। এসময় কলাবাগানের ভিতর থেকে গুলিবিদ্ধ অবস্থায় দেশীয় অস্ত্রসহ এক ডাকাতকে গ্রেফতার করা হয়। সে টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী গ্রামের জুরান আলীর ছেলে লাভলু মিয়া ওরফে লাবু (৪৫)। তার বিরুদ্ধে নাগরপুর থানাসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। গ্রেফতারকৃত ডাকাত লাভলুকে চিকিৎসার জন্য প্রথমে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নাগরপুর থানার এস আই আয়নাল হকসহ দুইজন কনস্টেবল আহত হন। আহতরা টাঙ্গাইল পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/সেতু
