প্রেম করে বিয়ে, চাকরি হারালেন শিক্ষক দম্পতি

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৭, ১৭:০০
 
প্রেম করে বিয়ে করায় চাকরি হারালেন শিক্ষক দম্পতি। সম্প্রতি জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলার প্যামপর মুসলিম এডুকেশনাল ইনস্টিটিউট নামে একটি বেসরকারি স্কুলে এ ঘটনা ঘটে। 
 
প্যামপর মুসলিম এডুকেশনাল ইনস্টিটিউট নামে ওই স্কুলটিতে ছেলে ও মেয়েদের জন্য দুটি বিভাগ রয়েছে। সেখানেই বিগত কয়েক বছর ধরে কাজ করছেন তারিক ভাট এবং সুমায়া বাসির নামে ওই শিক্ষক-শিক্ষিকা। গত ৩০ নভেম্বর তাদের বিয়ের দিন ঠিক হয়। স্কুল কর্তৃপক্ষকে জানিয়ে এক মাস আগেই ছুটির আবেদন করেন তারা। সেই আবেদন মঞ্জুরও হয়। কিন্তু তার পরই বেঁকে বসে স্কুল কর্তৃপক্ষ। ঠিক বিয়ের দিন দুজনকেই বরখাস্ত করেছে স্কুল কর্তৃপক্ষ। নবদম্পতিকে জানানো হয়, তারা ‘প্রেম’ করে বিয়ে করেছেন। স্কুলের মধ্যে শিক্ষক-শিক্ষিকার ‘রোম্যান্টিক সম্পর্ক’ ছাত্র-ছাত্রীদের উপর বিরূপ প্রভাব ফেলে। তাই এই সিদ্ধান্ত। 
 
শিক্ষক তারিক বলেন, ‘প্রেম নয় বরং দেখাশোনা করেই আমাদের বিয়ে হয়েছে। বিষয়টি গোটা স্কুলই জানে। বিয়ে ঠিক হওয়ার পর সুমায়া স্কুলের কর্মীদের জন্য পার্টি দিয়েছিল। স্কুল কর্তৃপক্ষ আমাদের কোনো কথাই শুনতে চাইছে না। উল্টে শিক্ষার্থীদের সামনে বিনা দোষে আমাদের কাঠগড়ায় তোলা হচ্ছে।’ 
 
এ ঘটনায় এখনো পর্যন্ত মুখ খোলেননি স্কুলের প্রিন্সিপাল। তবে স্কুলের চেয়ারম্যান বাসির মাসুদির জানান, ‘বিয়ের আগেই রোম্যান্টিক সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ওই শিক্ষক-শিক্ষিকা। তাই তাদের বরখাস্ত করা হয়েছে।’
 
ইত্তেফাক/ইউবি