শুভাগত-রনির বোলিংয়ে মধ্যাঞ্চলের জয়

আপডেট : ২৪ নভেম্বর ২০১৮, ২১:৫৬

শেষ দিনের চ্যালেঞ্জটা পাড়ি দিতে পারেনি প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের ব্যাটসম্যানরা। দুই অভিজ্ঞ ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস, তুষার ইমরান কিছুটা দৃঢ়তা দেখালেও বাকিরা ব্যর্থ হয়েছেন সময়ের দাবি মিটিয়ে ব্যাটিং করতে। অফস্পিনার শুভাগত হোম ও বাঁহাতি পেসার আবু হায়দার রনির বোলিংয়ে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডে জয় পেয়েছে ওয়ালটন মধ্যাঞ্চল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেটে স্টেডিয়ামে গতকাল দক্ষিণাঞ্চলকে ৭৭ রানে হারিয়েছে মধ্যাঞ্চল।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বিসিবি উত্তরাঞ্চল-ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের ম্যাচটি অনুমিতভাবেই ড্র হয়েছে। শেষ দিনে সেঞ্চুরি করেছেন উত্তরাঞ্চলের ফরহাদ হোসেন। গতকাল পূর্বাঞ্চলের প্রথম ইনিংস গুটিয়ে যায় ৪৪৩ রানে। পরে উত্তরাঞ্চল দ্বিতীয় ইনিংসে চার উইকেটে ২৭০ রান তুলতেই ড্র মেনে নেয় দুদল।

সিলেটে গতকাল শেষ দিনে জয়ের জন্য দক্ষিণাঞ্চলের প্রয়োজন ছিল ২২৮ রান। হাতে ছিল আট উইকেট। কিন্তু ১৫০ রান তুলতেই শেষ আট উইকেট হারিয়েছে তারা। দ্বিতীয় ইনিংসে ১৮৮ রানে অলআউট হয়ে ম্যাচ হেরে যায় গত আসরের চ্যাম্পিয়ন দক্ষিণাঞ্চল। শাহরিয়ার নাফিস ৫৪, তুষার ইমরান ৪০, রকিবুল হাসান ৩৫, মেহেদী হাসান ২৮ রান করেন। মধ্যাঞ্চলের শুভাগত হোম ৫৩ রানে পাঁচটি, আবু হায়দার রনি ৪৪ রানে চারটি ও রবিউল হক একটি করে উইকেট পান। প্রথম ইনিংসে অপরাজিত ১৪১ রান করা মধ্যাঞ্চলের আব্দুল মজিদ ম্যাচ সেরা হন।

রাজশাহীতে গতকাল প্রথম ইনিংসে শেষ তিন উইকেটে আরও ৬৩ রান যোগ করে পূর্বাঞ্চল। ফরহাদ রেজা ৮৫, এনামুল হক জুনিয়র ৫১ রান করেন। উত্তরাঞ্চলের এবাদত-সানজামুল তিনটি করে, জিয়াউর দুটি ও শরীফুল-শুভাশীষ একটি করে উইকেট পান। ২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে উত্তরাঞ্চল। জুনায়েদের ৫১, সাব্বির রহমানের ৫৬ রানের পর প্রথম শ্রেণির ক্রিকেটে ১৭তম সেঞ্চুরি তুলে নেন ফরহাদ হোসেন। ১০৩ রান করে অপরাজিত ছিলেন তিনি। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা উত্তরাঞ্চলের নাঈম ইসলাম ম্যাচ সেরা হন।

স ং ক্ষি প্ত  স্কো র

ওয়ালটন মধ্যাঞ্চল-প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল

মধ্যাঞ্চল: ২৮২ ও ২৬৪

দক্ষিণাঞ্চল: ২৮১ ও ১৮৮, ৪৯.৫ ওভার (শাহরিয়ার নাফিস ৫৪, তুষার ইমরান ৪০, রকিবুল হাসান ৩৫, মেহেদী হাসান ২৮; শুভাগত হোম ৫/৫৩, আবু হায়দার ৪/৪৪, রবিউল হক ১/১৯)

ফল: ওয়ালটন মধ্যাঞ্চল ৭৭ রানে জয়ী

ম্যাচ সেরা: আব্দুল মজিদ (মধ্যাঞ্চল)

 

বিসিবি উত্তরাঞ্চল-ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল

উত্তরাঞ্চল: ৪৪৫ ও ২৭০/৪, ৪৫.৩ ওভার (ফরহাদ হোসেন ১০৩*, সাব্বির ৫৬, জুনায়েদ ৫১, নাঈম ইসলাম ২৯, মিজানুর ২২, জহুরুল ০*; আবু জায়েদ রাহী ২/৭২, হাসান মাহমুদ ১/৫৯)

পূর্বাঞ্চল: ৪৪৩, ১২৫.৩ ওভার (ফরহাদ রেজা ৮৫, এনামুল জুনিয়র ৫১; এবাদত হোসেন ৩/৮৭, সানজামুল ৩/১১২, জিয়াউর ২/৫৬, শরীফুল ১/৪৬, শুভাশীষ ১/১১৩)

ফল: ম্যাচ ড্র

ম্যাচ সেরা: নাঈম ইসলাম (উত্তরাঞ্চল)