কক্সবাজার সৈকতে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের উদ্যোগ

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ২১:২৭

সমুদ্র দর্শনে আসা পর্যটকদের স্বাগত জানাতে কলাতলী মোড়ে স্থাপন করা হচ্ছে বঙ্গবন্ধুর ভাস্কর্য। এ প্রক্রিয়া বাস্তবায়নে ইতোমধ্যে দুজন শিল্পীকে দিয়ে প্রস্তাবিত ভাস্কর্যের ত্রিমাত্রিক নকশাও সংগ্রহ করেছে জেলা প্রশাসন। পর্যটন সূত্র জানায়, শহরের পর্যটন জোনের সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে ২০১০ সালে শহরের প্রবেশমুখ কলাতলীতে স্থাপন করা হয় ‘জ’ ভাস্কর্য। প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে স্থাপিত ভাস্কর্যটি ‘ডলফিন ভাস্কর্য’ নামেই বেশি পরিচিতি পায়। পর্যটন এলাকার প্রবেশমুখে হাঙ্গরের ভাস্কর্য দেখে দেশি-বিদেশি অনেক পর্যটকের মনে কক্সবাজার সৈকত নিয়ে বিরূপ প্রতিক্রিয়ার জন্ম হয়। এ নিয়ে সম্প্রতি বিতর্ক ওঠায় ভাস্কর্যটি সরিয়ে সেখানে বঙ্গবন্ধুর ভাস্কর্য বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, কলাতলী মোড়ে জাতির জনকের ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর ব্যয় ধরা হয়েছে প্রায় এক কোটি টাকা। অর্থ সংস্থানে স্পন্সর খোঁজা হচ্ছে। আশা করছি, শিগগির তা পেয়ে যাব। আর এটি নিশ্চিত হলে এ বছরই ভাস্কর্য নির্মাণ প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।