পারিবারিক কলহের জের ধরে সাহেরা বেগম (৫০) এবং ছালমা খাতুন (২২) নামের দুই নারী বিষপানে আত্মহত্যা করেছেন। এরা সম্পর্কে মা ও মেয়ে।
ভাঙ্গুড়া উপজেলার পাথরঘাটা গ্রাম থেকে বৃহস্পতিবার বিকালে লাশ দুটি উদ্ধার করা হয়। সাহেরা বেগম ঐ গ্রামের আব্দুস সালামের স্ত্রী এবং ছালমা খাতুন মেয়ে।
গ্রামবাসী জানায়, স্বামী পরিত্যক্তা মেয়ে ছালমা অনেকদিন ধরে বাবার বাড়িতে ছিলেন। ছালমার অবস্থানকে কেন্দ্র করে সকালে আব্দুস সালাম ও সাহেরা বেগমের মধ্যে ঝগড়া হয়। এ ঘটনায় রাগ ও ক্ষোভে ছালমা খাতুন কীটনাশক পান করেন। মেয়ের কষ্ট সহ্য করতে না পেরে তার মা সাহেরা বেগমও কীটনাশক পান করেন। এতে তাদের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গুড়া থানার ওসি নজরল ইসলাম জুয়েল বলেন, লাশের ময়নাতদন্ত করতে পাবনা মর্গে পাঠিয়েছি। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
