চরফ্যাশনে ইউপি নির্বাচন ঘিরে সংঘর্ষ, আহত ৩০

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৭, ২০:৩৭
 
চরফ্যাশনের জিন্নাগড় ৩ নম্বর ওয়ার্ডে দুই ইউপি সদস্য প্রার্থীর কর্মী-সমর্থকদের সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৩০জন আহত হয়েছেন।বৃহস্পতিবার সকালে এবং বুধবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
 
আহতদের মধ্যে আবু তাহের হাওলাদারকে বরিশাল এবং নুরজাহান ,সিরাজ মোল্লা, জোছনা, ছবেদা, ঝুমুর, দুলাল খাঁ, মিজান ও ইলিয়াছকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা হাসপাতাল এবং স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। এঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
 
সূত্রে জানা গেছে, বুধবার রাত ১০টায় পানির কল মার্কার প্রার্থী মো. মন্নানের কর্মী-সমর্থক এবং ফুটবল মার্কার প্রার্থী শহিদুল ইসলাম জামালের কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
 
ফুটবল মার্কার প্রার্থী শহিদুল ইসলাম জামাল জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় পানির কল মার্কার প্রার্থী মন্নানের কর্মী-সমর্থকরা তার বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটায়। এতে তার ২৫জন নারী-কিশোরসহ প্রায় অর্ধশতাধিক কর্মী-সমর্থক আহত হয়েছেন। খবর পেয়ে চরফ্যাশন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। পানির কল মার্কার প্রার্থী মো. মান্নান জানান, বুধবার রাতে তার চাচা আবু তাহের হাওলাদার চেয়ারম্যান প্রার্থীর নৌকা মার্কার নির্বাচনী মিটিংয়ের সংবাদ জানিয়ে ভোটারদের দাওয়াত দিয়ে মোল্লা বাড়ির দক্ষিণের পুলের উপর পৌঁছুলে ফুটবল মার্কার প্রার্থী জামালের কর্মীরা তার উপর হামলা করে। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে। রাতের ঘটনাটি সকালে উপজেলা পর্যায়ের সিনিয়র নেতাদের জানানোর উদ্দেশ্যে বাজারে যাওয়ার সময় তার কর্মী সমর্থকদের উপর আবার হামলা করে এতে তার ৪কর্মী সমর্থক আহত হয়েছেন।
 
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ ম.এনামূল হক বলেন, এখন পরিস্থিতি শান্ত আছে। এরপর বিশৃঙ্খলা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। দলীয় নেতৃবৃন্দ দুই প্রার্থীকে মিছিল মিটিং বন্ধ রাখতে বলেছেন।
 
ইত্তেফাক/জামান