বিষ মেশানো রুটি খেয়ে পরিবারের ৯ সদস্য অসুস্থ

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৭, ২১:৫০
 
রংপুরের মিঠাপুকুরে বিষ মেশানো গমের রুটি খেয়ে শিশুসহ একই পরিবারের ৯ জন অসুস্থ হয়েছেন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
 
সন্ধ্যায় হাসপাতালে ভর্তি ওই পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা গেছে, উপজেলার দুর্গাপুর গ্রামের কৃষক শহিদুল ইসলাম (৬৫) ৯ শতক জমিতে রোপণের জন্য ১০ কেজি গমবীজ বাজার থেকে কিনে আনেন। বীজ বপনের পর ৩ কেজি অবশিষ্ট থাকে। পরে ওই গমবীজ পানিতে ধুয়ে শুকানোর পর আটা তৈরি করেন বাড়ির গৃহিণী। এরপর বৃহস্পতিবার দুপুরে রুটি তৈরি করে পরিবারের সবাই মিলে খেয়ে নেন। এর কিছুক্ষণ পর ৯ জন সদস্য পেটে তীব্র ব্যথা অনুভব করেন। তাদেরকে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 
অসুস্থরা হলেন- শহিদুল (৬৫) তার স্ত্রী জোবেদা বেগম (৫০), ছেলে রোমান মিয়া (৩৫), মাহিন (৪), মেয়ে সাফিনা (১১), পুত্রবধূ আইনুন নাহার (৩০), নাতনী সাদিয়া (৩), স্বজন নিলুফা (৬) ও আইরিন খাতুন (১১)। মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারজানা বলেন, গমের বীজে বিষ মেশানো বিষ খাদ্যের সাথে শরীরে চলে যাওয়ায় তারা অসুস্থ হয়েছেন। তবে, সবাই শঙ্কাযুক্ত বলে তিনি জানিয়েছেন।
 
ইত্তেফাক/জামান