ডিজিটাল বাংলাদেশ এখন স্বপ্ন নয়, বাস্তব: সংসদ সদস্য মনির

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৭, ২২:৩৬
 
যশোর-২ আসনের সংসদ সদস্য এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, বাস্তব।
 
বৃহস্পতিবার দুপুর ১২টায় চৌগাছা উপজেলা পরিষদের হলরুমে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের মাঝে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে উপজেলা শিক্ষা অফিস।
 
মনিরুল ইসলাম বলেন, শেখ হাসিনার নেতৃত্বে এবং তার তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের দিক নির্দেশনায় অল্প সময়ের মধ্যেই দেশে ডিজিটাল বাংলাদেশের কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। দেশের মানুষ ইতোমধ্যেই এই কর্মসূচির সুফল ভোগ করতে শুরু করেছে।
 
তিনি বলেন, নির্বাচনী ইশতেহারে প্রধানমন্ত্রী দেশকে ডিজিটাল করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সে সময় বিএনপি সেটাকে ব্যঙ্গ করেছিল। কিন্তু আমাদের দেশনেত্রী বাস্তবে দেশকে ডিজিটালে পরিণত করে আবারও প্রমাণ করেছেন আমাদেরকে কেউ দাবিয়ে রাখবে পারবে না। তিনি আরো বলেন, শেখ হাসিনা ডিজিটাল আর ব্যঙ্গকারীরা মেন্টাল। এ সময় এই সংসদ সদস্য ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জনসভা সফল করার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।
 
চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার নার্গিস পারভীনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মো. বেলায়েত হোসেন, উপজেলা আওয়ামী লীগের বিলুপ্ত কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহাজান কবির, পৌর মেয়র নূরউদ্দীন আল-মামুন হিমেল, জেলা পরিষদের সদস্য দেওয়ান তৌহিদুর রহমান তৌহিদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আকলিমা টুটুল, ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী, পাশাপোল ইউপি চেয়ারম্যান মো. ওবাইদুর রহমান সবুজ, সিংহঝুলীর সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউর রহমান রেন্দু প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. তাসলিমা বেগম।
 
ইত্তেফাক/আরকেজি