মেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৫

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৭, ২২:৪৯
 
কালাইয়ে মেলাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই শিশুসহ ৫জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কুজাইল-করিমপুর গ্রামে এই ঘটনা ঘটে।   
 
এদের মধ্যে গুরুতর আহত আতাউর রহমানের (৩৫) ডান পা বিস্ফোরণের সময় শরীর থেকে আলাদা হয়ে উড়ে যায় এবং রবিউল ইসলামের (২৮) দু'চোখ বিস্ফোরণের আঘাতে রক্ত ঝড়তে থাকলে ঘটনাস্থল থেকে তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 
 
এলাকাবাসী, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার কুজাইল-করিমপুর গ্রামে চিশতিয়া পীরের অনুসারীদের নিয়ে আস্তানায় বাৎসরিক নবান্ন উৎসব উপলক্ষে হালকায়ে-জিকির অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রতি বৎসরের মত  মাজার এলাকায় একদিনের মেলাও বসে। ওই মেলাতে অন্যদের মত এক দোকানি পিয়াজু ভাজার কাজ করছিলেন। হঠাৎ করে পিয়াজু দোকানীর জ্বালানি কাজে ব্যবহারকৃত এলপি গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় উপজেলার বালাইট গ্রামের আতাউর রহমানের (৩৫) ডান পা উড়ে যায় এবং কুজাইল-করিমপুর গ্রামের রবিউল ইসলামের (২৮) দু’চোখে আঘাত লেগে রক্ত ঝড়তে থাকে। স্থানীয়রা তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এছাড়া আহতদের জয়পুরহাট, কালাই, ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছেন।  
 
জিন্দারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া বলেন, মেলাতে অনাকাঙ্খিত ভাবে পিয়াজুর দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ভর্তি করা হয়েছে। মেলাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনাটি নিশ্চিত করেছেন কালাই থানার ওসি তদন্ত সুমন কুমার রায়।
 
ইত্তেফাক/আরকেজি