কুমিল্লায় ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, আটক ২

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৭, ০০:১৫

কুমিল্লা নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসকের ভুল চিকিৎসায় মেহেদী হাসান নামের এক শিশুর মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনরা। বৃহস্পতিবার রাতে নগরীর কান্দিরপাড় রামঘাট এলাকার এ্যাপোলো নামের একটি প্রাইভেট হসপিটালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ হসপিটালের পরিচালক আবদুল মান্নানসহ দুইজনকে আটক করেছে। শিশু মেহেদী জেলার সদর দক্ষিণ উপজেলার বাগমারা ফতেহপুর গ্রামের মোঃ আবু জাফরের ছেলে।

শিশুর বাবা আবু জাফর জানান, গত রবিবার রাতে তার ৩ সপ্তাহ বয়সের ছেলে মেহেদীর জ্বর শুরু হয়। পরে বুধবার বিকেলে স্থানীয় এক দালালের মাধ্যমে এ্যাপোলো হাসপাতালে তাকে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে এক সাথে ৩টি ইঞ্জেকশন দেয়ার কিছুক্ষণ পর মেহেদির মৃত্যু ঘটনা ঘটে। এ ঘটনার পর হাসপাতাল থেকে চিকিৎসক ও নার্সরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

এ বিষয়ে রাত সাড়ে ১১টায় কান্দিরপাড় ফাঁড়ির ইনচার্জ নূরুল ইসলাম জানান, শিশু মৃত্যুর অভিযোগে হাসপাতালের পরিচালক আবদুল মান্নান ও হাসপাতালের সাথে জড়িত কুমিল্লা এ্যাপোলো এইচ ফার্মেসির মালিক হোমিও ডা. ইশরাত জাহানকে আটক করা হয়েছে। শিশুর মরদেহের ময়নাতদন্ত করা হবে।

তিনি আরও জানান, ময়নাতদন্তে ভুল চিকিৎসার অভিযোগ প্রমানিত হলে হাসপাতালসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

ইত্তেফাক/নূহু