মস্তিষ্কের জটিল অপারেশন করে সফল হয়েছে ঢাকার এ্যাপোলো হসপিটালস। ওই অপারেশনে ৩৩ বছর বয়স্ক এক ব্যক্তির মস্তিষ্ক থেকে টিউমার অপসারণ করা হয়।
জানা যায়, ওই হাসপাতালের চিকিৎসক ড. অমিতাভ চন্দের নেতৃত্বে এই জটিল অপারেশনটি করা হয়। অমিতাভ চন্দ কানাডা ও জার্মানির বিভিন্ন মেডিক্যাল ইন্সটিটিউশন থেকে মস্তিষ্কের সার্জারি ও নিউরোসার্জারির ওপর উচ্চতর ডিগ্রী নিয়েছেন।
চিকিৎসকরা জানান, অপারেশনটি বিশেষ ঝুঁকিপূর্ণ ও জটিল ছিল কেননা টিউমারটি ব্রেইনস্টেমের ভেতরে ছিলো। অপারেশন হয় চলতি বছরের ১২ নভেম্বর। মাথা ও ঘাড়ের পেছনে অস্ত্রোপচার করা হয়েছিল। মাথার পেছনের দিকের খুলির নিচের অংশে একটি স্লাইডের মতো করে কাঁটা হয়েছিলো। ব্রেন উন্মুক্ত করা হয়েছিলো। টিউমারটিতে কঠিন ও তরল দুই ধরনের উপাদানই ছিল। কঠিন উপাদানটি ছিল সর্বোচ্চ ভাস্কুলার। কঠিন উপাদানে রক্ত সরবরাহকারী নালীগুলোকে ধীরে ধীরে এক এক করে কেটে ফেলা হয়।
চিকিৎসকরা আরও জানান, পরবর্তীতে বিভিন্ন অস্ত্রোপচারে টিউমারটিকে সম্পূর্ণরূপে অপসারণ করে ফেলা হয়। রোগী এনেস্থেসিয়া থেকে ভালোভাবে সেরে ওঠেন। তাকে আইসিইউ'তে রাখা হয়েছিল। প্রথম পোস্টঅপারেটিভ দিন থেকে অঙ্গপ্রত্যঙ্গগুলো সচল হওয়া শুরু করে। কিছুদিনের মধ্যেই রোগীর খাদ্য গ্রহণ প্রক্রিয়া স্বাভাবিক হতে শুরু করে এবং তিনি মুখে খাবার খেতে ও কথা বলতে শুরু করেন। ১২ দিনের মধ্যেই তিনি সাপোর্ট নিয়ে হাঁটতে শুরু করেন। পোস্টঅপারেটিভ সিটি স্ক্যানে দেখা যায় টিউমারটি সম্পূর্ণ অপসারিত হয়েছে। রোগী ২৮ নভেম্বর ফলোআপের জন্য ওপিডি'তে আসেন। এখন তিনি কারো সাহায্য ছাড়াই চলা ফেরা করছেন।
ইত্তেফাক/জামান
