৩ দোকানের মালামাল আগুনে পুড়ে ছাই

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৭, ১৪:২০
 
কিশোরগঞ্জের নিকলী উপজেলার জারুইতলা ইউনিয়নের রোদারপুড্ডা বাজারে তিনটি দোকানে আগুন লেগে অন্তত ১৫ লাখ টাকার ওষুধসহ মালামাল পুড়ে গেছে। শুক্রবার সকাল ৭টার দিকে রোদারপুড্ডা বাজারের ওই ৩ দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
 
আগুন লাগার খবর পেয়ে কিশোরগঞ্জ ও বাজিতপুর থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আসে। কিন্তু এর আগেই এলাকাবাসী ও ব্যবসায়ীরা প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাতটায় রোদারপুড্ডা বাজারের মুদিমালের ব্যবসায়ী হরিচরণ দাস এর দোকানের বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তে পাশে থাকা পরিতোষ দেবনাথের কাপড়ের দোকান ও সুন্নত আলীর ওষুধের দোকানে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে দোকান  তিনটিতে থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
 
স্থানীয় লোকজন তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে কিশোরগঞ্জ ও বাজিতপুর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আসে। পুড়ে যাওয়া মুদির দোকানের মালিক হরিচরণ দাস, পরিতোষ দেবনাথ ও পল্লী চিকিৎসক সুন্নত আলী জানান, তাদের দোকানের প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
 
নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন ভূইয়া আগুন লাগার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে খবর পেয়ে পুলিশসহ আমি ঘটনাস্থলে পরিদর্শনে যায়।
 
ইত্তেফাক/জামান