শিবালয়ে পাঠ উৎসব

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৭, ১৯:০৭
 
মহান বিজয় দিবস পালন উপলক্ষে এবছর শিবালয় উপজেলা প্রশাসন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পাঠ-অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে শুক্রবার বই পড়া উৎসবের আয়োজন করে। বই পড়া উৎসবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ আনু মাহমুদ রচিত ‘বঙ্গবন্ধুর ভাষণ’ ‘বঙ্গবন্ধু হত্যার রায় জাতির কলঙ্ক মোচন’ এবং ‘গণপরিষদ ও সংসদে বঙ্গবন্ধু’ এ চারটি গ্রন্থ শিক্ষার্থীদের পড়তে দেওয়া হয়।
 
জানা গেছে, শিবালয়ের ইউএনও কামাল মোহাম্মদ রাশেদের বিশেষ পরিকল্পনায় স্থানীয় দশচিড়া হেলিপ্যাড মাঠে উপজেলার ২৫টি মাধ্যমিক বিদ্যালয় ও দুটি মাদ্রাসার ২০জন করে শিক্ষার্থী বই পড়া উৎসবে অংশ নেয়। প্রতি ৫জন শিক্ষার্থী একটি গ্রুপে বিভক্ত হয়ে এ সকল গ্রন্থের বিষয়বস্তু পাঠ করে। নির্দিষ্ট সময়ের পর গ্রুপ লিডার বা প্রতিনিধি পাঠকৃত বিষয় বস্তুর সার সংক্ষেপ উপস্থিত সকলের সামনে তুলে ধরে। উপস্থাপনা ও অন্যান্য বিষয়ে সেরাদের ১৬ ডিসেম্বর শনিবার এ মাঠে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে।
 
ইউএনও কামাল মোহাম্মদ রাশেদ জানান, ব্যতিক্রমী ও আকর্ষণীয় এ বই পড়া উৎসবের মধ্য দিয়ে শিক্ষার্থীদের পাঠ-অভ্যাস গড়ে তুলতে হবে। সারা বছর এ অভ্যাস বজায় রাখতে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্টদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
 
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবর, সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম ফারুক, উলাইল ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান, প্রেসক্লাব সভাপতি বাবুল আকতার মঞ্জুর প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি